আশদদ, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)- অবরুদ্ধ গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে সোমবার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে।
খবরে বলা হয়েছে নিহতদের বেশির ভাগই তুরস্কের নাগরিক।
ইসরায়েলের চ্যানেল ১০ টেলিভিশন জানিয়েছে, সংঘর্ষে ১৯ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী নিহতের সংখ্যা ১০ উল্লেখ করেছে।
হামলার নিন্দা-সমালোচনা করেছে ইতালি, লেবানন ও সিরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ।
যুক্তরাষ্ট্র এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক আহ্বান করবে বলে জানিয়েছে তুরস্ক।
লেবানন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে।
ইসরায়েলের বাধার মুখে পড়ার হুমকির মধ্যে রোববার ত্রাণসামগ্রী ও কর্মীদের নিয়ে সাইপ্রাস থেকে গাজা অভিমুখে যাত্রা করে ছয়টি জাহাজ।
গত তিন বছর ধরে ইসরায়েল গাজা অবরোধ করে রেখেছে। হামাস নিয়ন্ত্রিত গাজায় এ ত্রাণের বহর পৌঁছাতে দেবে না বলে ইসরায়েল আগেই ঘোষণা দেয়।
সাইপ্রাসের দক্ষিণাঞ্চলীয় একটি সমুদ্র বন্দর থেকে ছেড়ে যাওয়া এ জাহাজগুলোতে সাতশ'র বেশি যাত্রী ও দশ হাজার টন ত্রাণ সামগ্রী রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচনা শুরুর প্রাক্কালে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহ বন্ধে চালানো এ রক্তাক্ত হামলায় দু' দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে সঙ্কট তৈরি করেছে।
আন্তর্জাতিক জলসীমায় সকাল পাঁচটার সময় এ হামলা চালায় ইসরায়েল।
তুর্কি যাত্রীবাহী নৌকা থেকে হামলার লাইভ ফুটেজ নিয়ে তা ইন্টারনেটে পোস্ট করা হয়েছে।
এতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত ইসরায়েলি কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে নিচে নেমে এসে জাহাজের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অনেক মানুষকে আহত হয়ে জাহাজের ডেকে পড়ে যেতে দেখা যায়।
ফ্রি গাজা মুভমেন্টের ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, "রাতের আঁধারে ইসরায়েলি কমান্ডোরা হেলিকপ্টার থেকে তুরস্কের মাভি মারমারা নামক যাত্রীবাহী জাহাজে নামে এবং তাদের পা ডেক স্পর্শ করার সঙ্গে সঙ্গে তারা গুলি চালানো শুরু করে।"
কাঁপা কাঁপা ফুটেজে হট্টগোলের দৃশ্য দেখা গেছে, সেইসঙ্গে পেছনে ইসরায়েলি মিসাইল বোটগুলোও।
ইসরায়েলি সেনারা আক্রান্ত হলেই কেবল তাদের গুলি চালানোর নির্দেশ দিয়েছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, " প্রাণসংহারী ও সহিংস আচরণের কারণেই নৌ সেনারা গুলি চালাতে বাধ্য হয়।" সেইসঙ্গে তারা আরও জানায়, জাহাজের যাত্রীরা সেনাদের হত্যার পরিকল্পনা করছিল।
এ রক্তক্ষয়ী ঘটনায় ইসরায়েল ভোঁতা যুক্তির মাধ্যমে উল্টো জাহাজের যাত্রীদের উপরেই দোষ চাপানোর চেষ্টা করেছে।
নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ এএফপিকে বলেন, "তারাই সহিংসতা শুরু করেছিল। এ ধরনের ঘটনা এড়ানোর সম্ভাব্য সব ধরনের চেষ্টাই আমরা করেছিলাম।"
জাহাজে থাকা যাত্রীরা লোহার রড, ছোরা ও গুলি নিয়ে সেনাদের ওপর আক্রমণ চালায় বলে জানান তিনি।
ইসরায়েলের চ্যানেল ১০ টিভি জানায়, অভিযানে ১৯ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
ইসরায়েলি সেনারা ১০ জনের মৃত্যু ও ১৫ থেকে ৩০ জনের আহত হওয়ার কথা নিশ্চিত করেছে।
পাঁচজন নৌ কমান্ডোও আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
ত্রাণবহরের সঙ্গে সংশ্লিষ্ট তুর্কি সেবাপ্রতিষ্ঠান দাবি করেছে, ১৫ জন নিহত হয়েছে এবং এদের বেশির ভাগই তুরস্কের নাগরিক।
জাতিসংঘকে জরুরি বৈঠকের আহ্বান জানাবে তুরস্ক
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানাবে তুরস্ক। সোমবার তুরস্কের এক কূটনীতিক এএফপিকে একথা জানান।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কূটনৈতিক বলেন, "এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের প্রস্তুতি নিচ্ছি।"
এ বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকার করেন।
ইতালি, সিরিয়া ও লেবাননের নিন্দা
ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি সোমবার গাজামুখী ত্রাণবাহী জাহজে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক নিহতের ঘটনার নিন্দা করেছেন।
সাংবাদিকদের তিনি বলেন, "সোমবার বেসামরিক নাগরিকদের ওপর এ হামলার তীব্র নিন্দা জানাই আমি।" ইসরায়েলের সামরিক বাহিনীর এ কর্মকাণ্ডকে 'সত্যিই মারাত্মক' বলে উল্লেখ করেন তিনি।
ওদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনা এ অঞ্চলকে যুদ্ধে দিকে ঠেলে দেবে।
ইসরায়েলের এ আক্রমণকে জঘণ্য অপরাধ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে সিরিয়া ও লেবানন। রাষ্ট্রীয় সানা সংবাদ সংস্থা এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮০৬ ঘ.
bdnews24