রবার্ট, লুইজিয়ানা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- মেক্সিকো উপসাগরে বিস্ফোরিত তেলকূপ থেকে তেল নি:সরণ বন্ধ করতে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) ঝুঁকিপূর্ণ 'টপ কিল' অভিযান ব্যর্থ হয়েছে।
শনিবার তারা একথা জানিয়ে বলেছে, তেল নিঃসরণ বন্ধে এখন তারা অন্য উপায় দেখছেন।
সংক্ষিপ্ত এক সংবাদ বিবরণীতে বিপির প্রধান অপারেশন্স কর্মকর্তা ডোগ সাটলস বলেন, "তিন দিন চেষ্টা চালানোর পরও আমরা টপ কিল প্রক্রিয়ায় ছিপি দিয়ে ছিদ্র বন্ধ করতে পারিনি। আমরা তাই অন্য কোনও উপায় বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।"
প্রকৌশলীরা এ তিনদিন সাগরতলে তেলের উৎসমুখে উচ্চচাপে ভারী ড্রিলিং ফ্লুইড পাম্প করে তেল বন্ধ করার চেষ্টা করেছেন। এরপর সিমেন্ট দিয়ে ছিদ্রমুখ বন্ধ করার পরিকল্পনা ছিল তাদের।
কিন্তু টপ কিল পক্রিয়ায় তেল নিঃসরণই বন্ধ করতে পারেননি তারা। তবে এর কারণ জানাতে পারেননি সাটলস।
তিনি বলেন, "আমরা জানি না ঠিক কী কারণে আমরা পেরে উঠিনি। আমরা পুরোপুরি তেল নিঃসরণের বেগ থামাতে ব্যর্থ হয়েছি।"
তেল নিঃসরণ বন্ধে ব্যর্থতা যুক্তরাষ্ট্রের ওবামা সরকারকে নতুন করে চাপের মুখে ফেলেছে। গত ২০ এপ্রিল রিগ দুর্ঘটনায় বিস্ফোরিত তেল নিঃসরণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় তেল বিপর্যয়ের ঘটনা। ইতিমধ্যে মেক্সিকো উপসাগরে ২ কোটি গ্যালন তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রের জলে।
এর ফলে লুইজিয়ানাসহ যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে অর্থনৈতিক ও পরিবেশগত মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭১৭ ঘ.
bdnews24