ক্যানবেরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৈজ্ঞানিক অজুহাতে দক্ষিণ মহাসাগরে জাপানের তিমি শিকার বন্ধে শুক্রবার অস্ট্রেলীয় সরকার আইনি পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছে।
সেই সঙ্গে এ পদক্ষেপে দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার জাপানের কাছ থেকে কোনও ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপের আশঙ্কা তারা করছে না।
আগামী সপ্তায় হেগের আন্তর্জাতিক আদালতে এ বিষয়ে আইনি নথিপত্র জমার ঘোষণা দেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ বলেন, "অস্ট্রেলীয় সরকার এ সিদ্ধান্তকে হাল্কাভাবে নেয়নি।"
তিনি আরও বলেন, "এ বিষয়ে আমরা বেশ সহিষ্ণু এবং বিষয়টি কূটনৈতিক উপায়ে সমাধানের ব্যাপারে প্রতিশ্র"তিবদ্ধ ছিলাম। আন্তর্জাতিক তিমি শিকার কমিশন (আইডাব্লিউসি) এর সঙ্গে ব্যাপক আলোচনার পাশাপাশি জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও আমরা চালিয়ে গেছি।"
তিমি শিকারের বিষয়টি ক্রমেই ব্যবসায়িক অংশীদার দেশ দু'টির সম্পর্ককে বেকায়দায় ফেলে দিচ্ছে। যদিও অতীতে তারা বলেছিল, তিমি শিকারের বিষয়টি তাদের সম্পর্কের বন্ধনে কোনও রূপ সমস্যা তৈরি করবে না।
সামরিক ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দেশ দু'টির মধ্যে বাণিজ্য সম্পর্ক রয়েছে।
গত ফেব্র"য়ারিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রুড জাপানকে তিমি শিকার বন্ধে নভেম্বর পর্যন্ত শেষ সময় বেঁধে দিয়েছিলেন।
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের আগে রুডের জনপ্রিয়তায় খানিকটা ভাটা পড়েছে। সেটাকে সামাল দিতেই রুডের লেবার সরকার এ বিষয়ে মনোযোগী হয়েছে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
জাপানের সঙ্গে ৫৮ বিলিয়ন ডলারের ব্যবসায়িক বন্ধন ও মুক্ত বাণিজ্য চুক্তির মন্থর গতি এড়াতেই রুড এ বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে গেছেন বলে পরিবেশবাদীদের অভিযোগ।
স্মিথ বলেন, "এ ব্যাপারে জাপান ও অস্ট্রেলিয়া একমত, তিমি শিকারের ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে, এ বিষয়টিতে দ্বিপাক্ষিক সম্পর্ক সঙ্কটে ফেলে দেওয়া উচিত হবে না।"
কয়েকজন আইনজ্ঞ বলছেন যে, এন্টার্কটিক চুক্তির মতো কিছু চুক্তিকে ভঙ্গ করছে তিমি শিকার। পূর্ণ শুনানির আগে জাপানকে হয়তো তাৎক্ষণিকভাবে তিমি শিকার বন্ধে তথাকথিত শর্তাধীন নির্দেশ দিবে আদালত।
১৯৮৬ সালের আইনের বলে বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ করা হয়। তবে জাপান এখনও গবেষণার দোহাই দিয়ে তিমি শিকার চালিয়ে যাচ্ছে।
তবে ৮৮ জাতির আন্তর্জাতিক তিমি শিকার কমিশনের এক সমঝোতা চুক্তিতে জাপান, নরওয়ে ও আইসল্যান্ডকে সীমিতভাবে তিমি শিকারের অনুমতি দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/সিআর/১৪০৮ঘ.
bdnews24