সিউল, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ব এশিয়ায় বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনায় অংশ নিতে শুক্রবার দক্ষিণ কোরিয়ায় দুই দিনের সফরে যাচ্ছেন চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
তবে আলোচনায় মার্চে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ টর্পেডো দিয়ে ডোবানোর পেছনে উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট থাকার বিষয়টি ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এই ঘটনার পর পিয়ংইয়ঙের ওপর চাপ প্রয়োগে চীনের অনীহা প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া ও তাদের সমর্থক জাপানকে উদ্বিগ্ন করে তোলে।
দক্ষিণ কোরিয়ার বিলাসবহুল পর্যটন দ্বীপ জেজুতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে ত্রিদেশীয় এই বাণিজ্যিক বৈঠক হতে যাচ্ছে।
টর্পেডো হামলার ঘটনার পর প্রথম বারের মতো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং-বাকের সঙ্গে কোনো চীনা নেতা মুখোমুখি হচ্ছেন। এই আলোচনায় জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোউয়ামাও অংশ নিচ্ছেন।
দক্ষিণ কোরিয়া মনে করছে, চীন পিয়ংইয়ংকে দায়ী করে কোনো বক্তব্য দেবে না, তবে এ ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নালিশ করলে তাতে বাধা দেবে না চীন।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া টপের্ডো হামলায় উত্তর কোরিয়ার জড়িত থাকার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে ব্যাপক বিষোদগার শুরু করে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটি দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা এবং দুই দেশের সীমান্তে বাণিজ্যিক এলাকা কায়েসং ফ্যাকটরি পার্ক বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।
এতে ওই এলাকায় অবস্থান করা হাজারখানেক দক্ষিণ কোরীয় নাগরিকের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আশঙ্কা দেখা দেয়। ফলে সীমান্ত বন্ধ হলে শুক্রবার দক্ষিণ কোরিয়া তার নাগরিকদের উদ্ধারে সেনাবাহিনী পাঠানোর ঘোষণা দেয়।
দুই দেশের মধ্যে এই উত্তেজনা যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা বেশ চিন্তায় ফেলে দিয়েছে দেশ দু'টিতে বিনিয়োগ করা ব্যবসায়ীদের।
দক্ষিণ কোরিয়া দুই দেশের সীমান্তে ত্রিমুখী মহড়া শুরু করলেও উত্তর কোরিয়ার পক্ষ থেকে নতুন কোনো উস্কানির আশঙ্কা করছে না বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রণালয়।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুই দেশের কোনোটিই বর্তমানে যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তবে বিশেষ করে পশ্চিম তীরে দুই দেশের সীমান্ত ও সমুদ্রসীমায় তাদের মধ্যে বিচ্ছিন্ন লড়াই লেগেই থাকবে।
গত ২৬ মার্চ পীত সাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান ডুবে যাওয়ার পর আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে এই জাহাজডুবির ঘটনা ঘটেছে। এরপর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
চেওনান ডুবিতে ৪৬ জন দক্ষিণ কোরীয় নাবিক মারা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৬ঘ.
bdnews24