মাদ্রিদ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- ব্যাপক বাজেট ঘাটতি কমাতে ও গ্রিসের মতো ঋণ সংকটের আশঙ্কা দূর করতে বৃহস্পতিবার স্পেনের পার্লামেন্টে ১৫০০ কোটি ইউরোর ব্যয়সংকোচন বিল পাশ হয়েছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমানোসহ এ ব্যয় সংকোচন নীতির পক্ষে একশ' ৬৯ ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে একশ' ৬৮ ভোট। ফলে এক ভোটের ব্যবধানে বিলটি পাশ হয়।
স্পেনের সরকারি দল সোস্যালিস্ট পার্টির পার্লামেন্ট সদস্যরা বিলটির পক্ষে ভোট দেয়। আর কনজারভেটিভ পার্টিসহ বিরোধী দলগুলোর সদস্যরা বিপক্ষে ভোট দেয় কিংবা ভোট দানে বিরত থাকে।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ও অর্থ বাজারের চাপে স্পেনের প্রধানমন্ত্রী জোসে লুই রদ্রিগেজ জাপাতেরো ১২ মে সরকারি ব্যয় সংকোচন নীতি ঘোষণা করেন। গ্রিসের মতো ঋণ সংকটের আশঙ্কা দূর করে স্পেনের অর্থনীতি চাঙ্গা করাই ছিলো তার এ ঘোষণার উদ্দেশ্য।
এ নীতি অনুযায়ী, জুন থেকে দেশটির সরকারি চাকুরেদের বেতন পাঁচ শতাংশ কেটে নেওয়া হবে। অতি দরিদ্র ব্যতীত অন্যদের পেনশন ২০১১ সালে স্থগিত রাখা হবে।
এছাড়া, প্রধানমন্ত্রী জাপাতেরোসহ অন্যান্য মন্ত্রীদের বেতনের ১৫ শতাংশ এবং সচিবদের বেতনের ১০ শতাংশ কেটে নেওয়া হবে এ নীতি অনুযায়ী।
তবে দেশটির সরকারি চাকুরেদের ইউনিয়ন এ নীতি বাতিলের দাবিতে আগামী ৮ জুন দেশব্যাপী ধর্মঘট ডেকেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/
bdnews24