সিউল, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরীয় যুদ্ধজাহাজ ডোবানের অভিযোগ আনার প্রতিবাদে মঙ্গলবার পিয়ং ইয়ং এ ঘোষণা দেয়।
কমিউনিষ্ট রাষ্ট্রটি বলেছে, উত্তরাঞ্চলের সীমান্তবর্তী কায়েসং এলাকায় যৌথ উদ্যোগে পরিচালিত শিল্প এলাকা থেকে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের বরখাস্ত করা হবে। এছাড়া উত্তর কোরিয়ার জল ও আকাশ সীমায় দক্ষিণ কোরিয়ার জাহাজ ও বিমানের প্রবেশ নিষিদ্ধ করা হবে।
কোরিয়ার শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ বিষয়ক রাষ্ট্রীয় কমিটি বলেছে, তাদের বিরূদ্ধে দক্ষিণ কোরিয়ার জাহাজ ডোবানোর অভিযোগ যুদ্ধ ঘোষণার শামিল।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে তারা জানায়, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে এবং দুই কোরিয়ার মধ্যে সম্পাদিত অনাগ্রাসন চুক্তি স্থগিত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/০০১০ ঘ.
bdnews24