ইসলামাবাদ, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)---- মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানের লস্কর ই তৈয়বা জঙ্গি দলের নেতা হাফিজ মোহম্মদ সাঈদের মুক্তির আদেশ মঙ্গলবার বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
পাকিস্তান সরকার গত বছর গৃহবন্দিত্ব থেকে সাঈদের মুক্তির বিরুদ্ধে আবেদন করলেও আদালত তা প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানে জামাত-উদ দাওয়া দাতব্য সংগঠনের প্রধান এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি) দলের প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদই ২০০৮ সালে মুম্বাই হামলার হোতা বলে অভিযোগ করে আসছে ভারত।
পাকিস্তানও ওই হামলার আংশিক পরিকল্পনা তাদের মাটিতে হয়েছে স্বীকার করে নিয়ে এলইটি'র উর্ধ্বতন কমান্ডারসহ সন্দেহভাজন ৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়।
গত বছর জুনে লাহোর আদালত সাঈদের মুক্তির আদেশ দেয়। কিন্তু এ রায়ের বিরুদ্ধে আবেদন জানায় পাকিস্তানের ফেডারেল সরকার এবং পাঞ্জাবের প্রাদেশিক সরকার।
কিন্তু সরকার সাঈদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ দিতে ব্যর্থ হয়েছে এ যুক্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট ওই আবেদন প্রত্যাখ্যান করে লাহোর কোর্টের রায় বহাল রেখেছে।
সুপ্রিম কোর্টের তিন সদস্যের বিচারক প্যানেলের প্রধান বিচারক নাসির-উল-মুলক্ সিদ্ধান্ত ঘোষণা করে বলেন, "আবেদন নাকচ করা হয়েছে। মামলায় যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র ধারণার ওপর ভিত্তি করে আমরা কোনো ব্যক্তির মুক্তির অধিকার হরণ করতে পারি না।"
মুম্বাই হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধ হয়ে যাওয়া আলোচনা শুরু করতে দুপক্ষের সম্মতির এ সময়ে পাক সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তে ভারত হতাশ হবে বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৬ ঘ.
bdnews24