২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্গীকার পূরণে ব্যর্থ উন্নত দেশগুলো

২০১০ সালের মধ্যে আফ্রিকাকে দেওয়া সাহায্যের পরিমাণ দ্বিগুণ করার অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে শিল্পন্নোত সাতটি দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ওয়াশিংটন, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১০ সালের মধ্যে আফ্রিকাকে দেওয়া সাহায্যের পরিমাণ দ্বিগুণ করার অঙ্গীকার পূরণে ব্যর্থ হয়েছে শিল্পন্নোত সাতটি দেশ। মঙ্গলবার ওয়ান ক্যাম্পেইন এগেন্সট পোভার্টি প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। প্রতিবেদনে ২০০৫ সালে স্কটল্যান্ডের গ্লিনঅ্যাগলসে হওয়া এ সম্মেলন পরবর্তী অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়েছে। সম্মেলনে জি৭-এর নেতারা সাহায্যের পরিমাণ ২৫ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৫০ বিলিয়ন ডলার করা, বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে ১৮ টি দেশের ঋণ মওকুফ করা এবং দোহায় বিশ্ব বাণিজ্য আলোচনায় বাণিজ্য ভর্তুকি ও শুল্ক বাদ দেওয়ার অঙ্গীকার করেছিলেন। ওয়ান ক্যাম্পেইন জানিয়েছে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, কানাডা, ইতালি ও জাপান, জি৭-ভুক্ত এই দেশগুলো তাদের অঙ্গীকার পূরণে যে ব্যর্থ হয়েছে সে বিষয়ে যথেষ্ট তথ্য তাদের কাছে রয়েছে। প্রতিবেদনে বলা হয়, জি৭ এর সদস্য হিসেবে ইতালি 'সম্পূর্ণ ব্যর্থ' হয়েছে। ২০০৪ সালের পর্যায় থেকে সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছে। অর্থাৎ ইতালি তার অঙ্গীকার থেকে সরে এসেছে। স্কটল্যান্ড সম্মেলনে করা অঙ্গীকার পূরণে ব্রিটেনকে 'অবিসংবাদী নেতা' হিসেবে উল্লেখ করে ওয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপান অল্প কিছু লক্ষ্য অতিক্রম করেছে। ফ্রান্স ও জার্মানি উভয় দেশই উচ্চাভিলাসী লক্ষ্য নির্ধারণ করেছে কিন্তু এগুলোর কেবল এক চতুর্থাংশ পূরণের পথে রয়েছে। প্রতিবেদনে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে উন্নয়নের নতুন এক যুগের আহ্বান জানানো হয়। এমডিজিতে ২০১৫ সালের মধ্যে দারিদ্র্যের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনাসহ মোট আটটি লক্ষ্য পূরণে দেড়শ'রও বেশি বেশি রাষ্ট্রের প্রধানরা স্বাক্ষর করেন। প্রতিবেদনে বলা হয়, জি৭ সম্মেলনে ২২.৬ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার যে অঙ্গীকার তারা করেছিল তার মধ্যে ১৩.৭ বিলিয়ন ডলার সহায়তা তারা দিয়েছে। বাজেট নিরূপণ ও জি৭-ভুক্ত দেশগুলোর সরকারের সঙ্গে আলোচনা করে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়। এতে আরো বলা হয়, দরিদ্র দেশগুলোর ঋণ মওকুফ করার যে অঙ্গীকার করেছিল এ সাতটি দেশ তা তারা পূরণ করেছে। কিন্তু বাণিজ্য বিষয়ে করা অঙ্গীকার পূরণে তারা ব্যর্থ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যেখানে সাহায্য দেওয়া হয়েছে সেখানে এইচআইভি/এইডস মোকাবিলা এবং ম্যালেরিয়ায় মৃত্যুহার কমাতে ওষুধ সরবরাহের ফলাফল খুবই ভালো হয়েছে। ওয়ানের নির্বাহী পরিচালক জেমি ড্রুমন্ড এক বিবৃতিতে বলেন, "এ বিষয়টি স্পষ্ট যে জি৭ দেশগুলো যেসব অঙ্গীকার করেছিল আফ্রিকার নারী পুরুষের হাতে তা ইতিবাচক ফলাফল পৌঁছে দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৩ঘ.