ম্যাঙ্গালোর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের ম্যাঙ্গালোরে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স রেকর্ডার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানান।
এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি গত সপ্তায় ম্যাঙ্গালোর বিমানবন্দরের কাছে একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় ১৫৮ জনের মৃত্যু হয়। উড়োজাহাজটি দুবাই থেকে ম্যাঙ্গালোরে আসছিল।
এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বিমান দুর্ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ম্যাঙ্গালোর বিমানবন্দরের পরিচালক পিটার আব্রাহাম রয়টার্সকে বলেন, "ব্ল্যাকবক্সটি পাওয়া গেছে।"
রাষ্ট্রপরিচালিত এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ১৬৬ জন যাত্রী ও ক্রু নিয়ে শনিবার সকালে ম্যাঙ্গালোর বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।
দুর্ঘটনা থেকে ৮ জন মানুষ বেঁচে গেছেন। তাদের মধ্যে অধিকাংশই বিধ্বস্ত হওয়ার সময় বিমান থেকে লাফিয়ে পড়ে।
বিমান দুর্ঘটনার কারণ যখন নিশ্চিত হওয়া যাচ্ছিল না, তখন ভারতের সংবাদমাধ্যম ও বিমান চলাচল বিশেষজ্ঞ দাবি করে, ম্যাঙ্গালোর বিমানবন্দরের রানওয়ে বেশি প্রশস্ত ও দীর্ঘ নয়। দুর্ঘটনার পেছনে এটি একটি কারণ হতে পারে।
বিমান চলাচল মন্ত্রী প্রফুল প্যাটেল জানিয়েছেন, "দুর্ঘটনার জন্য রানওয়ের ওপর দোষ চাপানো ঠিক হবে না। বিষয়টিকে বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবেই নেওয়া উচিৎ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩২ঘ.
bdnews24