কিংস্টোন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- জ্যামাইকায় রোববার জরুরি অবস্থার মধ্যে বন্দুকধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৬ জন।
স্থানীয় এক মাদক সম্রাটকে হস্তান্তরের যুক্তরাষ্ট্রের আহ্বানের প্রতিবাদে মাদকচক্রের অস্ত্রধারীরা পুলিশের ওপর চড়াও হলে হতাহতের ওই ঘটনা ঘটে।
জ্যামাইকার পুলিশ কর্তৃপক্ষ সোমবার জানায়, রোববার প্রধানমন্ত্রী ব্র"স গোল্ডিং রাজধানীতে জরুরি অবস্থা জারি করেন। জরুরি অবস্থা চলতে থাকা অবস্থায় অস্ত্রধারীরা পুলিশ কর্মকর্তাদের আক্রমণ করে।
গত সপ্তাহে জ্যামাইকা সরকার ক্রিস্টোফার দুদুস নামের এ মাদক চোরাচালান চক্রের নেতাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের একটি আদেশনামা সই করার পর ছড়িয়ে পড়া সহিংসতায় এবারই প্রথম কোনো পুলিশ সদস্য নিহত হলো।
রবিনহুড খ্যাত দুদুস দরিদ্র জ্যামাইকাবাসীদের সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের মধ্যে জনপ্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২২৫ ঘ.
bdnews24