২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি কূটনীতিককে বহিস্কার করেছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সোমবার ইসরায়েলি এক কূটনীতিককে বহিস্কার করেছে। জানুয়ারিতে দুবাইয়ে হামাস নেতা হত্যার ঘটনায় জাল পাসপোর্ট তৈরিতে জড়িত থাকার দায়ে তাকে বরখাস্ত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

সিডনি, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- অস্ট্রেলিয়া সোমবার ইসরায়েলি এক কূটনীতিককে বহিস্কার করেছে। জানুয়ারিতে দুবাইয়ে হামাস নেতা হত্যার ঘটনায় জাল পাসপোর্ট তৈরিতে জড়িত থাকার দায়ে তাকে বরখাস্ত করা হয়। অস্ট্রেলিয়া সরকার একথা জানিয়েছে। জানুয়ারিতে দুবাইয়ের একটি হোটেল কক্ষে হামাস নেতা মাহমুদ আল মাবহো হত্যার ঘটনায় হত্যাকারীরা ৪টি জাল অস্ট্রেলীয় পাসপোর্ট ব্যবহার করে। এ পাসপোর্টগুলো তৈরিতে যে ইসরায়েলের গোয়েন্দা বিভাগ জড়িত ছিল পুলিশী তদন্তে তা সন্দেহাতীত বলে প্রমাণিত হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ একথা বলেছেন। তিনি বলেন, "বিভিন্ন তদন্ত থেকে সরকার নিশ্চিত হয়েছে যে, ইসরায়েল ওই ঘটনা এবং পাসপোর্ট জালিয়াতির জন্য দায়ী। এটা কোনো বন্ধুসুলভ কাজ না।" এর পরিপ্রেক্ষিতেই স্মিথ ইসরায়েলকে কূটনীতিক প্রত্যাহার করে নিতে বলেন। তবে ওই কূটনীতিকের কোনো পরিচয় তিনি দেননি। এর আগে হামাস নেতা মাহমুদ আল মাবহোকে হত্যার ঘটনায় ঘাতকদের ব্রিটেনের জাল পাসপোর্ট ব্যবহারে ইসরায়েলের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে মার্চে ব্রিটেনও একই সিদ্ধান্ত নেয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তকে হতাশাজনক বলে মন্তব্য করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইগাল পালমোর বলেন, "আমাদের দু'দেশের সম্পর্কের গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত সঠিক হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৫৫ ঘ.