২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টর্পেডো হামলার মাশুল দিতে হবে উত্তর কোরিয়াকে: লি

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক সোমবার বলেছেন, উত্তর কোরিয়াকে দক্ষিণের যুদ্ধজাহাজে টর্পেডো হামলার মাশুল দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 01:37 PM

Updated : 25 Aug 2022, 10:57 AM

সিউল, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/এএফপি)----দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক সোমবার বলেছেন, উত্তর কোরিয়াকে দক্ষিণের যুদ্ধজাহাজে টর্পেডো হামলার মাশুল দিতে হবে। সিউলের ওয়ার মেমোরিয়াল হল থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে লি বলেন, "আমরা সবসময়ই উত্তর কোরিয়ার অনেক নিষ্ঠুর আচরণ সহ্য করে এসেছি। কোরিয়া উপদ্বীপে শান্তি বজায় রাখার সদিচ্ছার কারণেই আমরা এটি করেছি। কিন্তু এখন অবস্থা পাল্টেছে। উস্কানিমূলক যে কোনো আচরণের জন্য এখন উত্তর কোরিযাকে মাশুল দিতে হবে।" জাহাজডুবির প্রতিবাদে সোমবার উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন লি। সেইসঙ্গে বন্ধ করে দিয়েছেন উত্তরের সঙ্গে ফেরি চলাচলও। এছাড়া পিয়ংইয়ংয়ের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলবেন বলেও জানান লি। উত্তর কোরিয়া গত ২৬ মার্চে টর্পেডো হামলা চালিয়ে দক্ষিণ কোরিয়ার নৌ-জাহাজ ডুবিয়েছে বলে অভিযোগ সিউলের। ওই ঘটনায় জাহাজের ৪৬ জন নাবিক নিহত হয়। একটি আন্তর্জাতিক তদন্ত প্রতিবেদনেও জাহাজডুবির ঘটনায় উত্তর কোরিয়ার হাত থাকার অভিযোগ আনা হয়েছে। এরই প্রতিক্রিয়ায় উত্তরের সঙ্গে বাণিজ্য বন্ধসহ এ সব পদক্ষেপের ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক। হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি সমর্থন করেছেন। চীন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন উত্তর কোরিয়ার উস্কানিমূলক কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করছেন। হিলারি কোরিয়া উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, চীনসহ উত্তর কোরিয়ার প্রতিবেশীরা এ পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করছে। হোয়াইট হাউস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, "যুক্তরাষ্ট্র দ্ব্যর্থহীনভাবে দক্ষিণ কোরিয়াকে সমর্থন করছে এবং প্রেসিডেন্ট ওবামা উত্তর কোরিয়ায় ভবিষ্যত সামরিক হামলার প্রস্তুতি নিতে মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে সম্পূর্ণরুপে সহায়তার নির্দেশ দিয়েছেন।" দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লিও তার ভাষণে উত্তর কোরিয়ার কোনোরকম উস্কানির জবাবে সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। ওদিকে, উত্তর কোরিয়াও আগে থেকেই দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। জাহাজডুবির ঘটনায় জড়িত থাকার অভিযোগ পিয়ংইয়ং অস্বীকার করেছে এবং দক্ষিণ কোরিয়া পরিস্থিতি যুদ্ধে দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে। জাহাজডুবির ঘটনায় শাস্তি দেওয়া হলে পাল্টা জবাবের হুমকিও দিয়েছে উত্তর কোরিয়া। দুপক্ষের এই পাল্টাপাল্টি অভিযোগ ও হুমকিতে পরিস্থিতি পুরোদস্তুর যুদ্ধের দিকে এগুচ্ছে বলেই আশঙ্কা করছেন অনেকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯২৩ ঘ.