২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিকে প্রত্যাহারের হুমকি যুক্তরাষ্ট্রের

মেক্সিকো উপসাগরের তেল নির্গমণ বন্ধ করতে না পারলে ব্রিটিশ কোম্পানি বিপিকে এ কাজ থেকে প্রত্যাহার করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 11:00 AM

ভেনিস, লা/হাউসটন, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো উপসাগরের তেল নির্গমণ বন্ধ করতে না পারলে ব্রিটিশ কোম্পানি বিপিকে এ কাজ থেকে প্রত্যাহার করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। কীভাবে এ কাজ করতে হয় সে বিষয়ে কেবল এ কোম্পানিরই জ্ঞান রয়েছে- এমন দাবি করলেও কাজ করতে ব্যর্থ হওয়ায় রোববার এ হুমকি দেয় মার্কিন সরকার। উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, নিঃসৃত তেল উপকূলের ৬৫ মাইলেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এবং অল্প সময়ে কেবলমাত্র এর অর্ধেকেরও কম অংশ পরিষ্কার করা যেতে পারে। আর এর ফলে পরিবেশ বিপর্যয়ের মাত্রা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কেন সালাজার জানান, তেলখনি বিস্ফোরণের ঘটনার পর এক মাস পেরিয়ে গেছে। আর সৃষ্ট ছিদ্র বন্ধ করতে বিপিকে বেঁধে দেওয়া একের পর এক সময়সীমাও পার হয়ে গেছে। কিন্তু তারপরও বিপি ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন হতাশ ও ক্ষুব্ধ। রোববার হাউস্টানে অবস্থিত বিপির প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, "তেল নিঃসরণ এবং দূষণ ছড়িয়ে পড়া বন্ধ করতে বিপি ব্যর্থ হওয়ায় আমি ক্ষুব্ধ ও হতাশ। এ ঘটনার পর ৩৩ দিন পার হলেও সমস্যার সমাধানে বেঁধে দেওয়া একের পর এক সময়সীমা পেরিয়ে যাচ্ছে। "আমরা যদি দেখি যে তাদের যা করা উচিত তা তারা করছে না তাহলে তাদেরকে উপযুক্ত শাস্তি দেব।" এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ দুর্ঘটনার জন্য বিপির 'দায়িত্বজ্ঞানহীনতাকে' দায়ী করেন। উপকূল রক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল থান অ্যালেন রোববার জানিয়েছেন যে, তেল নিঃসরণ বন্ধে সরকারকে বাধ্য করা হচ্ছে বিপি এবং বেসরকারি তেল খাতের ওপর নির্ভর করতে। বিপি জানিয়েছে, তেল নিঃসরণ নিয়ন্ত্রণে তারা যে পদ্ধতি গ্রহণ করেছে তাতে করে আগের চেয়ে তেল নিঃসরণের মাত্রা কমে গেছে। এছাড়াও স্বল্প সময়ে অন্য উপায়ে সমস্যার সমাধান করতে কোম্পানির প্রকৌশলীরা প্রস্তুত হচ্ছে। মঙ্গলবার এ রকমের আর একটি উদ্যোগ শুরু হওয়ার কথা। তবে বিপির ব্যবস্থাপনা পরিচালক বব ডুডলে জানান, সমুদ্রের গভীরে এ ধরনের কাজের ক্ষেত্রে সফলতার কোনো 'নিশ্চয়তা' নেই। এ বিপর্যয় রোধে দ্রুত কাজ না করায় বিপি ও ফেডারেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন লুইজিয়ানার গভর্নর ববি জিন্ডাল। তিনি বলেন, জলাভূমিতে তেল ছড়িয়ে পড়লেও উপকূল রক্ষী বাহিনী এবং বিপি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেনি। পাশাপাশি তারা তেল পরিষ্কারের যন্ত্রপাতি সরবরাহ করতেও দেরি করেছে। ভেনিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জিন্ডাল আরো বলেন, "এটা স্পষ্ট যে উপকূল রক্ষায় যেসব সম্পদ প্রয়োজন সেসব আমাদের নেই।" কাজের ধীর গতির জন্য হতাশা ব্যক্ত করে তিনি বলেন, কাজে যে মাত্রায় বিলম্ব হচ্ছে তা 'অগ্রহণযোগ্য'। এদিকে ব্রিটিশ এ তেল কোম্পানি ও এর নির্বাহীরা যেসময় মার্কিন সরকার ও জনগণের সমালোচনার মুখে পড়েছে ঠিক একই সময়ে উপকূল রক্ষী বাহিনীর প্রধান অ্যালেন জানান, বিপির প্রধান নির্বাহী টনি হেইওয়ার্ডের ওপর তার বিশ্বাস রয়েছে। তিনি বলেন, "টনি হেইওয়ার্ডকে আমি বিশ্বাস করি। তার সঙ্গে কথা বলে আমি একটি উত্তর পেয়েছি।" কোস্টগার্ড অ্যাডমিরাল মেরি ল্যান্ডি জানান, সমুদ্রতীরের ৬৫.৫ মাইল এবং প্রায় ৩০ একর জলাভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, "ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার ২৫ মাইল ইতোমধ্যেই পরিষ্কার করার জন্য প্রস্তুত রয়েছে এবং বাকি অংশে যাওয়া কষ্টকর। তারপরও আমরা সেখানে যাব।" এদিকে বিশ্লেষকরা জানান, তেল নিঃসরণের ফলে পরিবেশগত ও অর্থনৈতিক যে ক্ষতি বাড়ছে তা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য কংগ্রেস নির্বাচনে ওবামার জন্য রাজনৈতিক দায়বদ্ধতায় পরিণত হতে পারে। ২৩ এপ্রিল মেক্সিকো উপসাগরে সাগরের গভীরে বিপি পরিচালিত একটি তেল খনি বিস্ফোরিত হলে এ পর্যন্ত কমপক্ষে ৬ মিলিয়ন গ্যালন তেল পানিতে মিশেছে। এ দুর্ঘটনায় মারা গেছে ১১ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২২১ঘ.