বেইজিং, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএফপি)- চীনের একটি আদালত মঙ্গলবার দুর্নীতির দায়ে ধনকুবের হুয়াং গুয়াংগুকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে।
রাষ্ট্রীয় সিনহুয়া বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
ঘুষ দেওয়া, অবৈধ বাণিজ্য ও অবৈধভাবে মুনাফা লাভের অভিযোগে হুয়াংকে এ দণ্ড দেওয়া হয়েছে। বেইজিংয়ের আদালত তাকে ৬০ কোটি ইউয়ান জরিমানা করেছে এবং তার ২০ কোটি ইউয়ান মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করেছে।
হুরুন রিপোর্ট ম্যাগাজিনে ২০০৪, ২০০৫ এবং ২০০৬ সালে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্থান করে নেন হুয়াং।
২০০৮ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, হুয়াংয়ের মোট সম্পদের পরিমাণ ছয়শ' ৩০ কোটি মার্কিন ডলার।
একমাস পর তাকে আটক করে তদন্ত শুরু হয়। কোনো অভিযোগ ছাড়াই তাকে এক বছর আটক রাখার পর এপ্রিলে বেইজিংয়ের একটি আদালতে তার বিচার করা হয়।
বিচারে ৫ সরকারি কর্মকর্তাকে ৪ দশমিক ৫৬ মিলিয়ন ইউয়ান ঘুষ প্রদানের নির্দেশ দেওয়ার অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হন। বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২০ ঘ.
bdnews24