২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়েতে পুরোহিত 'রোবট'

বিয়ের কনেকে চমৎকার লাগছিল। আর বরও যেন জ্যোতি ছড়াচ্ছিল। তবে এসবকিছু ছাপিয়ে জাপানি এ নবদম্পতির বিয়েতে মূল আকর্ষণ ছিল পুরোহিত। এই পুরোহিত আর কেউ নয়, একটি 'রোবট'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 08:09 AM

Updated : 25 Aug 2022, 10:36 AM

টোকিও, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স লাইফ)- বিয়ের কনেকে চমৎকার লাগছিল। আর বরও যেন জ্যোতি ছড়াচ্ছিল। তবে এসবকিছু ছাপিয়ে জাপানি এ নবদম্পতির বিয়েতে মূল আকর্ষণ ছিল পুরোহিত। এই পুরোহিত আর কেউ নয়, একটি 'রোবট'। চার ফুট উচ্চতার এ রোবটটির নাম আই-ফেয়ারি। সাধারণত জাদুঘর ও প্রদর্শনীতে দর্শকদের সাহায্য করতে এ ধরনের রোবট ব্যবহার করা হয়। তবে রোববার বিয়ের এ অনুষ্ঠানে রোবটটি স্বামী-স্ত্রী হিসেবে তোমোহিরো শিবাতা ও সাতোকো ইনোয়ির নাম ঘোষণা করে। তবে এজন্য রোবটটিতে নতুন একটি প্রোগ্রাম ব্যবহার করতে হয়েছে। রোবটের কল্যাণেই অবশ্য পরিচয় হয়েছিল বর ও কনের। এই প্রথম কোনো বিয়েতে পৌরহিত্যের কাজ করল কোনো 'রোবট'। বিয়ের কনে ইনোয়ি চাকরি করেন কোকোরো লিমিটেডে। এই কোকোরো লিমিটেডই আই- ফেয়ারি রোবটটি তৈরি করেছে। আর বর সেই কোম্পানির এক খদ্দের। শিবাতা বলেন, "আমার স্ত্রীর পরামর্শ মতো এ ধরনের বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।" এদিকে 'আমি করি', এ কথাটা উচ্চারণ করে বিয়ের কনে জানান, রোবট যে জনগণের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে সে বিষয়টিই বিয়ের মাধ্যমে বোঝাতে চেয়েছেন তিনি। ইনোয়ি বলেন, "আমি সবসময় অনুভব করি যে জনগণের দৈনন্দিন জীবনের সঙ্গে রোবট আরো বেশি সম্পৃক্ত হবে। আমার কোম্পানির একটি অংশ এ সুন্দর রোবটকে আমার বিয়ের অনুষ্ঠানে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলাম।" এদিকে রোবট নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখনও তারা দর্শণার্থীদের সাহায্য করার কাজে ব্যবহারের জন্যই এ রোবট বিক্রি করছে। তবে বিয়েতে এ রোবট কাজে লাগায় তারা খুব খুশী। সারা বিশ্বের মোট ৮ লাখ রোবটের মধ্যে জাপানেই রয়েছে প্রায় অর্ধেক। বিশ্বে যেসব দেশে বার্ধক্যের হার বাড়ছে জাপানও তাদের অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, বয়োজ্যেষ্ঠদের সাহায্য করতে এবং পাচক, ক্লিনার ও কেয়ারটেকার হিসেবে কাজ করতে পারে রোবট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪০৫ঘ.