২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে আবারো বিমানবন্দর বন্ধ

আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাইমেঘের কারণে ব্রিটেন ও নেদারল্যান্ডের প্রধান বিমানবন্দরগুলো আবারো বন্ধ করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 07:54 AM

Updated : 25 Aug 2022, 10:36 AM

লন্ডন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইসল্যান্ডের আগ্নেয়গিরির ছাইমেঘের কারণে ব্রিটেন ও নেদারল্যান্ডের প্রধান বিমানবন্দরগুলো আবারো বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়ার পর আরো কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। সপ্তাহের শুরুতেই এসব বিমানবন্দর বন্ধ ঘোষণা করায় ইউরোপের যোগাযোগ ব্যবস্থা বড় ধরনের ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গত মাসেও একই আগ্নেয়গিরির ছাইমেঘের কারণে বেশ কয়েকটি দেশের বিমান চলাচল বন্ধ করে দিতে হয়। ইতোমধ্যেই আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধ করে দেওয়া হয়েছে ইউরোপের ব্যস্ততম লন্ডনের হিথরো বিমানবন্দর। লন্ডনের দক্ষিণে অবস্থিত গ্যাটইউক বিমানবন্দরটিও আন্তর্জাতিক সময় অনুযায়ী মধ্যরাত থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ রাখা হয়। ডাচ গণমাধ্যমগুলো জানিয়েছে, অ্যামস্টারডাম এবং রোটারডামের বিমানবন্দরও সোমবার আন্তর্জাতিক সময় ভোর চারটা থেকে আট ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। অন্যান্য ডাচ বিমানবন্দরগুলো বন্ধ করা না হলেও প্রধান দুইটি বন্ধ হয়ে যাওয়ায় দেশটির বিমান যোগাযোগ প্রায় স্থবির হয়ে পড়বে। ডাচ এয়ারলাইন্স কেএলএম তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অ্যামস্টারডামের ক্ষতিগ্রস্ত সব ফ্লাইটের জন্য বিকল্প পরিকল্পনা তৈরি করা হচ্ছে। গত মাসে ছাইমেঘের কারণে সারা ইউরোপে এক লাখের বেশি ফ্লাইট বাতিল করা হয়। এ সময় প্রায় ৮০ লাখ যাত্রী বিভিন্ন বিমান বন্দরে আটকা পড়ে। এতে এয়ার লাইন্স কোম্পানি গুলোর প্রায় ১৭০ কোটি ডলার ক্ষতি হয় বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। ব্রিটেনের মেটিওরলজিকাল অফিস জানিয়েছে, আগ্নেয়গিরির ছাইমেঘ প্রায় ২৫ হাজার ফুট উঁচুতে উঠে গেছে। তবে এখনও পর্যন্ত এটি বিস্ফোরিত হওয়ার কোনো আভাস দেয়নি। তবে সোমবার থেকে বাতাতের কারণে মঙ্গলবারের মধ্যে ব্রিটেনের আকাশ ছাইমেঘমুক্ত হবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫১ঘ.