লন্ডন, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুঠোফোন ব্যবহারের সঙ্গে মস্তিষ্ক ক্যান্সারের সম্পর্ক রয়েছে কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বিশেষজ্ঞরা।
১০ বছর ধরে মুঠোফোনে অভ্যস্ত এমন ১৩ হাজার ব্যবহারকারীর ওপর গবেষণা চালিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)'র আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থা (আইএআরসি)।
আইএআরসি'র এই গবেষণার লক্ষ্য ছিল মুঠোফোনের সঙ্গে মস্তিষ্ক ক্যান্সারের কোনো যোগসূত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা।
এ যাবৎ এটাই মুঠোফোনের সঙ্গে মানব স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে চালানো সবচেয়ে বড় গবেষণা প্রকল্প।
গবেষণায় এ ব্যাপারে নিশ্চিত সিদ্ধান্তে আসতে না পারলেও আরো গভীর গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা।
আইএআরসি'র পরিচালক ক্রিস্টোফার ওয়াইল্ড রয়টার্সকে বলেন, "আমাদের গবেষণার ফলাফল মুঠোফোন ব্যবহারের ঝুঁকি সম্পর্কে কোনো উপসংহারে আসতে পারেনি। তবে এটা বলাও অপরিপক্ততা হয়ে যাবে যে, মুঠোফোন ব্যবহারে কোনো ঝুঁকি নেই।"
গবেষণার ফলাফল জানতে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল সেলফোন কোম্পানি ও ক্যাম্পেইন গ্র"পগুলো।
কয়েকবছর ধরে চালানো এই গবেষণা মস্তিষ্ক ক্যান্সারের সঙ্গে মুঠোফোনের সংযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।
গত মাস থেকে ইউরোপের বিজ্ঞানীরা সেলফোনের সঙ্গে মানব স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে কি না সে বিষয়ে সবচেয়ে বড় পর্যবেক্ষণ শুরু করেছে। ইউরোপের পাঁচটি দেশের প্রায় আড়াই লাখ মানুষের ওপর এই গবেষণা চালানো হবে যাদের বয়স ৩০ বছরের ওপরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩২৩ঘ.
bdnews24