কলোম্বো, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে ২ বন্দি নেওয়ার প্রস্তাব দিয়েছে মালদ্বীপ। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ শহীদ রোববার একথা জানিয়েছেন।
মানবিক কারণে এ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। কাজাখস্তান থেকে এএফপি'কে টেলিফোনে তিনি বলেন, "আমরা মানবিক দিক বিবেচনায় ২ মুসলিম বন্দিকে হস্তান্তর করা নিয়ে মার্কিন সরকারের সঙ্গে আলোচনা করছি।"
তিনি বলেন, "দুই বন্দি নির্দোষ। তাদের বিরুদ্ধে সন্ত্রাস, সহিংসতা কিংবা উগ্রবাদের কোনো রেকর্ড নেই। এক বন্দি ফিলিস্তিনি। অন্যজনের পরিচয় জানা যায়নি।"
তিনি আরো বলেন, ফিলিস্তিনি বন্দিটির কোনো পরিবার নেই। তার সন্ত্রাস কিংবা সহিংসতার পূর্ব কোনো রেকর্ড নেই। তার কোনো রাজনৈতিক যোগাযোগ নেই।
তবে বন্দি নেওয়ার ক্ষেত্রে আরো কয়েকটি আইনি প্রক্রিয়া পার হতে হবে বলে জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শিবিরটি বন্ধে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর প্রতি বন্দি নেওয়ার অনুরোধ জানিয়েছেন। বিশেষ করে যেসব বন্দি সব অভিযোগ মুক্ত হয়েছে কিন্তু বাড়ি ফিরতে পারছে না তাদের।
২২ জানুয়ারির মধ্যে কুখ্যাত গুয়ানতানামো বন্দিশিবির বন্ধ করে দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিলেন ওবামা। কিন্তু তার প্রশাসন এ সময়সীমার মধ্যে তা বন্ধে ব্যর্থ হয়েছে।
শিবিরটিতে এখনো রয়ে গেছে ১৮০ জন বন্দি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২০ ঘ.
bdnews24