২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপবাদ ঘোচাতে পাকিস্তানিদের আশা ওয়ারসি

বিশ্বের যে কোনো স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে যখন পাকিস্তানের নাম জড়িয়ে যাচ্ছে ঠিক সে সময়টিতেই ব্রিটেনের মন্ত্রিপরিষদে পাকিস্তানি বংশোদ্ভূত নারীর নিয়োগ, সন্ত্রাসের অপবাদ ঘোচানোয় পাকিস্তানিদের মনে আশা জাগিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 12:28 PM

Updated : 25 Aug 2022, 10:34 AM

গুজ্জার খান, পাকিস্তান, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বের যে কোনো স্থানের সন্ত্রাসী কর্মকাণ্ডে যখন পাকিস্তানের নাম জড়িয়ে যাচ্ছে ঠিক সে সময়টিতেই ব্রিটেনের মন্ত্রিপরিষদে পাকিস্তানি বংশোদ্ভূত নারীর নিয়োগ, সন্ত্রাসের অপবাদ ঘোচানোয় পাকিস্তানিদের মনে আশা জাগিয়েছে। ব্রিটেনের মন্ত্রিপরিষদে প্রথমবারের মতো কোনও মুসলিম নারী হিসাবে স্থান করে নিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যারোনেস সৈয়দা ওয়ারসি। কনজারভেটিভ পার্টির সভাপতি ব্যারোনেস সৈয়দা ওয়ারসিকে দপ্তরবিহীন মন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তার মন্ত্রিপরিষদে ঠাঁই দিয়েছেন। বিশ্বজুড়ে পাকিস্তান সন্ত্রাসের উৎসভূমি হিসাবে চিহ্নিত হচ্ছে বলে অনেক পাকিস্তানিই সংশয়ে রয়েছে। তাই ওয়ারসির এ নিয়োগে পাকিস্তানিরা উৎফুল্ল। পাকিস্তানের কেন্দ্রীয় শহর গুজ্জার খানের একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া ওয়ারসি তার পরিবারের সঙ্গে ষাটের দশকে ব্রিটেনে আসেন। কলেজ জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। পাকিস্তানের পত্র পত্রিকায় প্রতিদিনই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দাঁড়ানো ওয়ারসির ছবি ছাপা হচ্ছে এবং টেলিভিশন চ্যানেলগুলো তার গুজ্জারখানের গর্বিত নিকটাত্মীয় ও পারিবারিক বন্ধুদের সাক্ষাৎকার নিচ্ছে। একটি সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে গুজ্জারখানের কাছে বেওয়াল গ্রামে এতিম মেয়েদের প্রশিক্ষিত করতে পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছেন ওয়ারসি। ২০০৮ সালে ওয়ারসির সঙ্গে ক্যামেরনও গুজ্জার খান সফর করেন। প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী হিনা শওকত বলেন," আমরা খুবই গর্বিত যে তিনি আমাদেরই একজন।" ওয়ারসির ব্রিটিশ মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়ার খবরটি এমন একটি সময় এল যখন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ব্যর্থ বোমা হামলার ঘটনায় পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনি ফয়সল শাহজাদের গ্রেপ্তারে পাকিস্তান নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। পশ্চিমা বিশ্বে শাহজাদের ঘটনাই পাকিস্তানি বংশোদ্ভুতদের চালানো একমাত্র হামলা প্রচেষ্টা নয়। ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি, ব্রিটেনের বিরুদ্ধে ইতোমধ্যে আল কায়েদা যতগুলো হামলা ষড়যন্ত্র করেছে, তার বেশিরভাগেরই শেকড় পাকিস্তানে। ২০০৫ সালে লন্ডনের পরিবহন নেটওয়ার্কে যে চার ইসলামি জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ৫২ জনকে হত্যা করেছিল, তাদের প্রত্যেকেই ছিল পাকিস্তানি বংশোদ্ভূত। এ রকম একটি গুমোট পরিবেশে 'দ্য লিবারেল ডেইলি টাইমস'-এ লেখা হয়েছে, "বিশ্বের যে কোনও স্থানে সন্ত্রাসী ঘটনার সঙ্গে শুধু পাকিস্তানি কিংবা পাকিস্তানি বংশোদ্ভূতরাই জড়িত থাকে কেনো তার কারণ খুঁজে বের করা জরুরি।" সত্তর দশকেই পাকিস্তান জঙ্গিদের বংশবিস্তারের ক্ষেত্র হিসাবে পরিচিত হতে শুরু করে। যখন যুক্তরাষ্ট্রের মদদপুষ্ট হয়ে তারা সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। আফগানিস্তানে ন্যাটো বাহিনীর সঙ্গে যুদ্ধে টিকতে না পারা আল কায়েদা ও তালেবান জঙ্গিরা আফগান সীমান্তে পাকিস্তানের আইনশৃঙ্খলাহীন পশতুন আদিবাসী অঞ্চলে পালিয়ে গেলে বিশ্বের জঙ্গি ঘাঁটিতে পরিণত হয়। এমন একটা বৈরী সময়ে ওয়ারসির এ নিয়োগ পাকিস্তানকে জাতীয়ভাবে অনেকটাই যথেষ্টই চাঙ্গা করেছে। ওয়ারসির চাচাতো ভাই নুসরাত মুবাস্সর বলেন, "যখন সারা বিশ্বে সন্ত্রাসের সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে যাচ্ছে, তখন ওয়ারসির এ নিয়োগ বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতোই একটি ব্যাপার।" তিনি বলেন, "গুটিকয়েক লোক সন্ত্রাসে জড়িত থাকা মানেই যে সব পাকিস্তানি সন্ত্রাসী এমন মনে করার কোনো কারণ নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৮১৫ ঘ.