সান্টিয়াগো, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিলির মার্কিন দূতাবাসে বিস্ফোরকসহ ধরা পড়া পাকিস্তানির বিরুদ্ধে শনিবার অভিযোগ গঠন করা হয়েছে। তবে তদন্ত চলার সময়টিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, ২৮ বছর বয়সী মোহাম্মদ সাইফ উর রেহমান খানকে সোমবার চিলির মার্কিন দূতাবাস থেকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কড়া নিরাপত্তাধীনে রাখা হয়।
আদালতের কর্মকর্তারা জানান, তদন্ত চলাকালে তাকে সপ্তাহে একবার কর্তৃপক্ষের সামনে হাজির হতে হবে এবং সে দেশ ছাড়তে পারবে না।
পুলিশ জানায়, খানের কাছে থাকা কাগজ পত্র ও মোবাইল ফোনে টেট্রিল নামের বিস্ফোরকের সন্ধান মেলে। টেট্রিল হচ্ছে, এমন এক ধরনের বিস্ফোরক মিশ্রণ, যার মাধ্যমে বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়।
আদালতে শুনানির সময় সরকারি কৌঁসুলি হ্যাবিয়ার আর্মানদারিজ বলেন, "মূলত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। তদন্ত শুরু হয়েছে এবং তা চলছে।"
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চার মাস ধরে চিলিতে অবস্থানরত সাইফকে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার খবর জানানোর জন্য মার্কিন দূতাবাসে ডাকা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের ব্যর্থ বোমা হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ফয়সাল শাহজাদের সঙ্গে সাঈফের কোনও যোগাযোগ আছে কি-না, সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।
সাঈফ অবশ্য কোনও ধরনের অনৈতিক কাজ করার কথা অস্বীকার করে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, "বোমা সম্পর্কে আমি কিছুই জানি না। সন্ত্রাসীদের সঙ্গে আমার কোনও ধরনের সংশ্রব নেই। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্র যা করছে তার অপরাধ আর লজ্জা ঢাকতে চাইছে তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৬১৯ ঘ.
bdnews24