লন্ডন, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের লেবার পার্টির নেতা দুই ভাই ডেভিড মিলিব্যান্ড ও এডওয়ার্ড মিলিব্যান্ড দলের শীর্ষ পদের জন্য রাজনৈতিক লড়াইয়ে নেমেছেন।
দুই ভাইই ঘোষণা দিয়েছেন তারা দলের প্রধান পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাবেক জ্বালানি ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড শনিবার ঘোষণা দেন তিনি লেবার পার্টির প্রধান পদের জন্য প্রার্থী হবেন।
এর ফলে তার প্রতিদ্বন্দ্বী হয়ে পড়েছেন তারই বড় ভাই ডেভিড মিলিব্যান্ড।
গর্ডন ব্রাউন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির প্রধানের পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দেওয়ার একদিন পর বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঘোষণা দেন তিনি দলের প্রধান পদের জন্য প্রার্থী হবেন।
মধ্য-বামপন্থী চিন্তাবিদ প্রতিষ্ঠান ফেবিয়ান সোসাইটিতে শনিবার বক্তৃতাকালে ৪০ বছর বয়সী এডওয়ার্ড বলেন, "লেবার পার্টির প্রধান হওয়ার জন্য আমি প্রতিদ্বন্দ্বিতা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি বলেন, "আমরা সেই মূল্যবোধগুলো হারিয়ে ফেলেছি যা রাজনীতিতে আমাদেরকে প্রগতিশীল শক্তি হিসেবে দাঁড় করিয়েছে এবং জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা আমরা দেখাতে চাই তাও হারিয়ে ফেলেছি।"
লেবার পার্টির প্রধান পদে নির্বাচনের ব্যাপারটি এখন দলের ডানপন্থী ও বামপন্থীদের লড়াইয়ে রূপ নিয়েছে। গত সপ্তাহে পার্লামেন্ট নির্বাচনে পার্টির পরাজয়ে দলের এই দুই ধারার রাজনীতিকরাই বেশ বড় একটা শিক্ষা পেয়েছেন।
ডেভিড মিলিব্যান্ড সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের একনিষ্ঠ সমর্থক এবং দলের ডানপন্থীদের অত্যন্ত প্রিয়ভাজন।
অন্যদিকে এডওয়ার্ডের পরিচিতি তার ভাইয়ের তুলনায় কম। তিনি দলের বেশ প্রভাবশালী একজন নেতা এবং বামপন্থীদের প্রিয়। তার প্রতি ট্রেড ইউনিয়নগুলোর সমর্থন রয়েছে। ট্রেড ইউনিয়নগুলোই হচ্ছে লেবার পার্টির অর্থের সবচেয়ে বড় উৎস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/২১২৮ঘ.
bdnews24