২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মিশনে আটলান্টিস

শেষ মিশন নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে আটলান্টিস। শুক্রবার ছয়জন জ্যোতির্বিজ্ঞানীসহ নভোযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়াল দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 08:53 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

কেপ ক্যানাভেরাল, ফ্লা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শেষ মিশন নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে আটলান্টিস। শুক্রবার ছয়জন জ্যোতির্বিজ্ঞানীসহ নভোযানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়াল দেয়। ১২ দিনের এই মিশনে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি রাশিয়ান মডিউল এবং কিছু খুচরা যন্ত্রাংশ সরবরাহ করবে আটলান্টিস। নভোখেয়াটি স্থানীয় সময় ২:২০ মিনিটে (১৮:২০ জিএমটি ) কেনেডি স্পেস সেন্টার থেকে আটলান্টিক মহাসাগরের উপরে দিয়ে উড়ে যায়। আটলান্টিসের এটিই শেষ উৎক্ষেপণ। এই অভিযানের আওতায় এরপর শুধু ডিসকভারি ও এনডেভ্যার নভোখেয়া দুইটি উৎক্ষেপণ করা হবে। নাসা এ বছরের মধ্যেই অভিযানটি শেষ করতে চায়। খরচ ও নিরাপত্তার কারণে এরপর নাসা আর আটলান্টিস ব্যবহার করবেনা। এরপর এটির স্থান হবে জাদুঘরে। প্রসঙ্গত, ১৯৮১ সাল থেকে আটলান্টিস নভোযানটি ব্যবহার করা হচ্ছে। নভোযান আটলান্টিসের শেষ উৎক্ষেপণের প্রত্যক্ষদর্শী হতে শত শত লোক ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের আশপাশের এলাকায় সমবেত হয়। নাসার উৎক্ষেপণ পরিচালক মাইক লেইনব্যাক নভোখেয়া আটলান্টিসের কমান্ডর কেন হ্যামকে উদ্দেশ্য করে বলেন, "আমরা আশা করি তোমরা সফল হবে, ঈশ্বরের গতিতে সেখানে যাবে এবং আনন্দ করবে।" আটলান্টিসের কমান্ডার কেন হ্যাম এর উত্তরে বলেন, "আমরা লক্ষ্য ভ্রষ্ট হবো না এবং আপনার অনুমতি পেলে পৃথিবীর চারপাশে কয়েকটি চক্কর দেওয়ার পর আমরা যাত্রা করবো।" নভোখেয়াটি একটি ছোট্ট গবেষণাগার এবং ডকিং কমপার্টমেন্ট বয়ে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছার পর এটি রাশিয়ার অংশের সাথে যুক্ত হবে। ১৬টি দেশের সমন্বয়ে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের এই প্রকল্পটি বাস্তবায়নে প্রায় এক দশকের বেশি সময় লাগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪০৭ঘ.