সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথমবারের মতো একজন মুসলিম নারী ব্রিটেনের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান হিসাবে দায়িত্বগ্রহণ করেছেন।
পাকিস্তানি বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী ব্যারোনেস সৈয়দা ওয়ারসি বর্তমানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান এর দায়িত্ব পেলেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার তাকে দলীয় চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেন।
কনজারভেটিভ পার্টির প্রধান হিসাবে তিনি একজন জুনিয়র মন্ত্রীর পদমর্যাদা লাভ করবেন।
ওয়ারসি প্রথম মুসলিম নারী হিসাবে ২০০৭ সালে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির সামনের সারিতে আসেন। তিনি সলিসিটর হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ২০০৪ সালে রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য সেই পেশা ত্যাগ করেন।
সেসময় তিনি নিজের এলাকা ওয়েস্ট ইয়র্কশায়ারের ডিউসবারি আসন থেকে এমপি নির্বাচন করেন। কিন্তু ওই নির্বাচনে তিনি লেবার প্রার্থী শহীদ মালিকের কাছে পরাজিত হন।
এর আগে ২০০৫-২০০৭ সাল পর্যন্ত তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাছাড়া সাবেক টোরি নেতা মাইকেল হাওয়ার্ডের কমিউনিটি রিলেসন্স এডভাইজার হিসেবেও তিনি কর্মরত ছিলেন।
ওয়ারসি নিজেকে একজন পরিশ্রমী এবং ভালো মা হিসাবে উল্লেখ করেন। রাজনৈতিকভাবে এই অবস্থানে আসার পেছনে তার ব্যবসায়ী বাবার অবদানকে তিনি বিশেষভাবে স্মরণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের মা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৬ঘ.
bdnews24