লিসবন, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গ্রিস ও স্পেনের পর এবার কঠোর ব্যয়সঙ্কোচ পরিকল্পনা নিয়েছে পর্তুগাল।
পর্তুগালের বাজেট ঘাটতি কমাতে প্রধানমন্ত্রী জোসে সক্রেতিস এবং বিরোধী দলীয় নেতা পেড্রো প্যাসোস বৃহস্পতিবার এ নতুন ব্যয়সঙ্কোচ পদক্ষেপ নিয়েছেন।
এর আওতায় উর্ধ্বতন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাদের বেতন পাঁচ শতাংশ কমানো, বিক্রয় কর ভ্যাট ও আয়কর বাড়ানো এবং মুনাফা কর এক শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করার প্রস্তাব করা হবে।
মন্ত্রী পরিষদ এ পরিকল্পনা অনুমোদন করেছে।
সরকার বলছে, পরিকল্পনা অনুসারে এ বছর জিডিপি'র ৭ দশমিক ৩ শতাংশ ঘাটতি কমানো সম্ভব হবে এবং ২০১১ সাল নাগাদ ঘাটতি কমবে ৪ দশমিক ৬ শতাংশ।
সক্রেতিস এক সংবাদ সম্মেলনে বলেন, "আত্মবিশ্বাস ফিরিয়ে আনা ও অর্থনীতিকে নিরাপদ করতে এ পদক্ষেপগুলো জরুরি।"
গ্রিসের সঙ্গে সঙ্গে কয়েকদিন আগে স্পেনও ঋণ জর্জরিত হয়ে ব্যয়সঙ্কোচ কর্মসূচি শুরু করে। এবার পর্তুগালও সেপথে এগুচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১২ ঘ.
bdnews24