ব্যাংকক, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাই কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকালে লাল শার্টদের অবস্থানস্থলের আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
লাল শার্ট বিক্ষোভকারীরা তাদের দাবিতে অটল থাকায় বিক্ষোভ দমনে সরকার সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে।
থাইল্যান্ডের ইতিহাসে গত ১৮ বছরে এটিই সবচেয়ে বড় সহিংস রাজনৈতিক আন্দোলন।
তল্লাশিকেন্দ্রগুলোতে থাই সেনারা ট্যাংক নামাবে। লাল শার্টদের ৩ কিলোমিটার ব্যাপী সুরক্ষিত এলাকায় যেন কেউ প্রবেশ করতে না পারে তাই এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থাই সেনা মুখপাত্র।
থাই সেনা মুখপাত্র সানসার্ন কায়েকামনার্দ রয়টার্স কে জানান, বিক্ষোভ দমন করতে এবং বিক্ষোভের এলাকা সীমিত করণের উদ্দেশ্যে এই অপারেশন চালানো হবে। এই কারণে বিক্ষোভকারীদের কাছ থেকে কর্মকর্তাদের সুরক্ষিত রাখার জন্য আমরা ট্যাংক ব্যবহার করবো।
তিনি আরও জানান, বিক্ষোভকারীদের এলাকায় অবস্থিত সকল বাণিজ্যিক দোকানপাট শুক্রবার বন্ধ রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
এর আগে থাই সরকার ব্যাংককের বাণিজ্যিক এলাকায় অবস্থিত বিক্ষোভকারীদের ক্যাম্পে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা স্থানীয় অধিবাসীদের কথা চিন্তা করে স্থগিত করে। তখন লাল শার্ট নেতারা তাদের সমর্থকদের ঐ এলাকায় ব্যারিকেড গড়ে তোলার আহ্বান জানায়।
সর্বশেষ থাই প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা বুধবার রাতের মধ্যে বিক্ষোভকারীদের এই অঞ্চল থেকে সরে যেতে বলেছিলেন। প্রায় ১০ হাজার বিক্ষোভকারী তার দেয়া এই সময়সীমা না মেনে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
সরকার বিরোধী বিক্ষোভ অবসানের লক্ষ্যে ১৪ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেন থাই প্রধানমন্ত্রী। কিন্তু বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট নয়। তারা পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে দ্রুত নির্বাচনের দাবিতে অটল।
মার্চের মাঝামাঝি থেকে চলা এ বিক্ষোভে এখন পর্যন্ত ২৯ জন মারা গেছে। এ ছাড়া আরও সহস্রাধিক আহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/সিআর/১৪২৭ঘ.
bdnews24