টোকিও, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের শহুরে নারীরা যারা কৃষিকে হৃদয়ে ধরে রাখতে চান তারা এখন থেকে বিশেষভাবে নির্মিত বক্ষবন্ধনীতে ধান ফলাতে পারবেন।
বিশেষ ধরনের এ বক্ষবন্ধনী তৈরি করেছে জাপানের অন্তর্বাস প্রস্তুতকারক প্রতিষ্ঠান ট্রাম্ফ।
প্রতিষ্ঠানটি জানায়, জাপানে শহরবাসীর মধ্যে কৃষিকাজের প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে। আর এ বিষয়টি মাথায় রেখেই তারা এই বিশেষ বক্ষবন্ধনী তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে 'রাইস ব্রা'।
ট্রাম্ফ এর আগে ইলেকট্রনিক ও গিমিক বক্ষবন্ধনী তৈরি করে নজর কেড়ে নেয়। এর মধ্যে সোলার প্যানেল বসানো বক্ষবন্ধনীও রয়েছে।
খাদ্য নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ ক্রমাগত বেড়ে যাওয়া এবং সাদামাটা গ্রামীণ জীবন ধারা জাপানের শহরবাসীদের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বাড়িয়েছে। কৃষি ছিলো একসময় জাপানের অর্থনৈতিক মেরুদণ্ড। ধান জাপানিদের প্রধান খাদ্যশস্য।
ট্রাম্ফের মুখপাত্র ইয়োশিকা মাসুদা বুধবার এক অনুষ্ঠানে রয়টার্সকে বলেন, "গত বছর জাপানি তরুণীদের মধ্যে কৃষিকাজ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আরও অনেক তরুণী কৃষিকাজে এগিয়ে আসুক আমরা সেটাই চাইছি।"
মাসুদা বলেন, আমরা ভেবেছি বক্ষবন্ধনীতে যদি ধান ফলানোর সুবিধা দেওয়া যায় তাহলে বেশ হবে।
পুনর্বার ব্যবহারোপযোগী প্লাস্টিক দিয়ে এ বক্ষবন্ধনী তৈরি। এর কাপ দুটি এক করে বাঁধলে পাত্র তৈরি হবে। এতে মাটি ভরে ধানের চারা লাগানো যাবে। বক্ষবন্ধনীর ফিতা পাইপ হিসেবে ব্যবহার করে ধানে পানি দেওয়া যাবে।
মডেল রেইকো আয়োয়ামা বলেন, "দেখতে যেমনই হোক, এটা বেশ আটসাট হয়ে বসে যায় শরীরের সঙ্গে। এটা পরার পর আমি বেশ উৎফুল্ল বোধ করছি।"
তবে এই বক্ষবন্ধনী বিক্রি করা হবে না। মূলত নিজেদের ব্র্যান্ডের প্রতি আকৃষ্ট করার একটি কৌশল হিসেবে ট্রাম্ফ এটি তৈরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/কেএমএস/১৮৫৯ ঘ.
bdnews24