হংকং, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিগারেটের গোড়া থেকে নির্গত রাসায়নিক উপাদান স্টিল পাইপের মরিচা রোধ করে। চীনে একদল গবেষক একথা জানিয়েছে।
'আমেরিকান কেমিক্যাল সোসাইটি'র পাক্ষিক জার্নাল 'ইন্ডাসট্রিয়াল এন্ড ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি রিসার্চ' এ প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সিগারেটের গোড়া পানিতে ডুবিয়ে ৯টি রাসায়নিক উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে চীনের গবেষকরা।
এ রাসায়নিক উপাদানগুলো এতো বিষাক্ত যে তাতে মাছ মারা যায়।
গবেষকদল এ উপাদানগুলোকে তেলের পাইপে ব্যবহৃত এন৮০ ইস্পাতে প্রয়োগ করে দেখেছেন, সেগুলো ইস্পাতকে মরিচা পড়া থেকে রক্ষা করে।
তারা লিখেছেন, "এ উপাদানগুলো ধাতব আবরণের সুরক্ষার পাশাপাশি লোহায় মরিচা পড়া রোধ করে।"
নিকোটিনসহ অন্যান্য রাসায়নিক উপাদান ক্ষয়রোধের কাজ করে বলে জানান তারা।
চীনের জিয়ান জিয়াতোং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুন ঝাউ এর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়েছে। এর অর্থায়ন করেছে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানি 'চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন'।
তেল শিল্পে ব্যবহৃত স্টিল পাইপগুলোর ক্ষয়জনিত মেরামতির কাজে বছরে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে হয় তেল কোম্পানিগুলোকে। নতুন গবেষণার ফলে যে তথ্য বেরিয়ে এসেছে তা কাজে লাগানো গেলে এ বিপুল অর্থ ব্যয় থেকে বেঁচে যাবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৬ ঘ.
bdnews24