কাঠমান্ডু, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে মাওবাদী নেতা প্রচণ্ড বলেছেন, সাবেক মাওবাদী যোদ্ধাদের ওপর নিয়ন্ত্রণ ছেড়ে দিতে চায় তার দল। এ পদক্ষেপ নেপালে শান্তির ভিত মজবুত করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।
হাজার হাজার সাবেক মাওবাদী যোদ্ধা বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষণ শিবিরে রয়েছে।
প্রচণ্ড বুধবার অনুষ্ঠিত এক জনসমাবেশে ভাষণদানকালে বলেন, তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি কমিটি চান। যে কমিটি সাবেক মাওবাদী যোদ্ধাদের দায়িত্ব নেবে এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে।
মাওবাদীদের দাবি , তাদের সাবেক যোদ্ধাদের নেপালের সেনাবাহিনীতে অন্তর্ভূক্ত করা হোক।
কিন্তু প্রচণ্ড বলেছেন, এখন আমাদের দল 'পিপলস লিবারেশন আর্মি' (পিএলএ)র সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত।
তবে প্রচণ্ডের এই প্রস্তাব নিয়ে সংশয় রয়েছে। কারণ, মাওবাদীরা এর আগে প্রতিজ্ঞা ভঙ্গ করেছে।
কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের 'হিউম্যান এন্ড ন্যাচারাল রিসোর্সেন স্টাডি সেন্টার"এর শিক্ষক বিষ্ণু রাজ উপরেতি বলেছেন,প্রচণ্ড যা বলেছেন তা বাস্তবায়িত হলে নিঃসন্দেহে তা শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক হবে।
চার বছর আগে নেপালে প্রায় দশক ব্যাপী চলা মাওবাদী বিদ্রোহের অবসান ঘটে। কিন্তু প্রায় ১৯ হাজার সাবেক মাওবাদীর পুনর্বাসন প্রশ্নে নেপালে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া সংশয়ের মুখে পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬২০ ঘ.
bdnews24