লন্ডন, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনে কাজ শুরু করেছে নতুন জোট সরকার। রেকর্ড পরিমাণ বাজেট ঘাটতি কমানোই সরকারের অন্যতম প্রধান কাজ।
বুধবার মন্ত্রী পরিষদের তালিকা প্রকাশ করে সরকার অবিলম্বে রেকর্ড বাজেট ঘাটতি কমানোর কর্মসূচি ঘোষণা করেছে।
১৯৪৫ সালের পর থেকে ব্রিটেনে এবারই প্রথম জোট সরকার গঠিত হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টি নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ আসন লাভকারী লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় জোট সরকার গঠন করেছে। দু দলের মধ্যে আদর্শগত বিরোধ নিরসনের চেষ্টা চলছে। তবে এ বিরোধ দেশকে রাজনৈতিক আস্থিতিশীলতার মুখে ঠেলে দিতে পারে বলে সমালোচকেরা মনে করছেন।
ব্রিটেনে জিডিপি'র ১১ শতাংশেরও বেশি বাজেট ঘাটতি কমাতে জোট সরকার কাজ করবে। চলতি অর্থবছরে ছয়শ' কোটি পাউন্ড ব্যয় কমানোর কনজারভেটিদের পরিকল্পনা নিয়ে এগুতে চায় সরকার।
বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মুখে গঠিত এ জোট সরকারকে ভবিষ্যতে কঠিন সময় পার করতে হবে জানিয়ে লিব ডেম নেতা নিক ক্লেগের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ক্যামেরন লেবার পার্টির প্রতি ইঙ্গিত করে বলেন, "আধুনিককালে কোনো সরকারই এ ধরনের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি রেখে যায়নি।"
ব্রিটেনের নতুন উপপ্রধান মন্ত্রী নিক ক্লেগ বলেন, "ভবিষ্যতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে।"
দেশের প্রয়োজন ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিয়ে নতুন সরকার হবে 'প্রগতিবাদী ও সংস্কারক' বলে জানান ক্লেগ।
এ ধরনের জটিল পরিস্থিতিতে দেশের জন্য একটি দৃঢ় ও স্থিতিশীল সরকার প্রয়োজন বলেও জানান তিনি।
জোট সরকারের নতুন কর্মসূচির মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে কর ধার্য, প্রতিযোগিতামূলক অর্থ বাজার সৃষ্টি ও সহজে ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রাপ্তির জন্য ব্যাংক ব্যবস্থার সংস্কারে তদন্ত কমিশন গঠন, কেন্দ্রীয় ব্যাংক 'ব্যাংক অব ইংল্যান্ড'কে ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে নীতি নির্ধারণী ক্ষমতা প্রদান, অব্যবসায়ী মূলধনকে আয়করের অধীনে আনা ও অভিবাসন আইন সংস্কার।
জোট সরকারের অংশীদার দল দুটি বুধবার সকালে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।
চ্যান্সেলর জর্জ ওসবর্ন সাংবাদিকদের বলেন, "বাজেট ঘাটতি কমাতে উল্লেখযোগ্য কর্মসূচি নেওয়া হচ্ছে।"
কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার অর্থনৈতিক দুরবস্থা কাটাতে দ্রুত পদক্ষেপ নেবে প্রত্যাশা রেখে এ কর্মসূচিকে স্বাগত জানিয়েছে অর্থবাজার।
জোট সরকারের মন্ত্রী পরিষদের তালিকা
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন
উপপ্রধান মন্ত্রী নিক ক্লেগ
পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হগ
চ্যান্সেলর জর্জ ওসবর্ন
বাণিজ্য মন্ত্রী ভিন্স ক্যাবল
প্রতিরক্ষা মন্ত্রী লিয়াম ফক্স
স্বাস্থ্য মন্ত্রী আন্ড্রু ল্যান্সলে
পরিবেশ মন্ত্রী ক্রিস হুনে
আইন মন্ত্রী কেন ক্লার্ক
স্বরাষ্ট্র মন্ত্রী তেরেসা মে
শিক্ষা মন্ত্রী মাইকেল গোভ
অর্থমন্ত্রী ডেভিড লজ
স্কটিশ সেক্রেটারি ড্যানি আলেকজান্ডার
কমিউনিটিজ সেক্রেটারি এরিক পিকলস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৩০ ঘ.
bdnews24