লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্তন ক্যান্সারের পাঁচটি সাধারণ জিনগত কারণ সনাক্ত করেছেন ব্রিটিশ বিজ্ঞানীরা।
তাদের এই গবেষণার ফলে স্তন ক্যান্সারে আক্রান্তদের আরো উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
ব্রিটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ডগলাস এসটনের নেতৃত্বে পরিচালিত গবেষণায় ১৬ হাজার ৫শ' ৩৬ জন রোগীর তথ্য ও জিন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে স্তন ক্যান্সারের পাঁচটি সাধারণ কারণ তারা আবিষ্কার করেন।
তাদের গবেষণায় স্তন ক্যান্সারের আরো ১৩টি পৃথক জিনগত কারণ উঠে এসেছে। এর ফলে রোগটির ঝুঁকি সম্পর্কে অন্তত ৮ ভাগ ব্যাখ্যা করা যাবে।
আরো কিছু অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনগত কারণও সেখানে ব্যাখা করা হয়েছে, যা অন্তত ২০ ভাগ ক্ষেত্রে স্তন ক্যান্সারের জন্য দায়ী।
ধনী দেশগুলোর নারীদের মধ্যে স্তন ক্যান্সার প্রকোপ খুব বেশি। প্রতি বছর এই রোগে বিশ্বে অন্তত ৫ লাখ নারীর মৃত্যু হয়।
স্তন ক্যান্সারের জন্য পারিবারিক অর্থাৎ জিনগত ধারা অন্যতম কারণ এই বিষয়টি প্রতিষ্ঠিত। যে পরিবারে স্তন ক্যান্সার রয়েছে সেই পরিবারিক ধারায় রোগটির ঝুঁকি দ্বিগুণ।
এসটন ও তার সহকর্মীদের এই পর্যবেক্ষণ রোববার 'নেচার জেনেটিকস' জার্নালে প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩০৯ঘ.
bdnews24