২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি পরিকল্পনায় অটল থাই প্রধানমন্ত্রী

ব্যাংককে নতুন করে সহিংসতায় নিহতের সংখ্যা ২৯ জনে দাঁড়ালেও শান্তি পরিকল্পনায় অটল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। এ পরিকল্পনায় লাল শার্টদের কাছ থেকে অবিলম্বে সাড়া চেয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 04:24 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ব্যাংকক, ০৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ব্যাংককে নতুন করে সহিংসতায় নিহতের সংখ্যা ২৯ জনে দাঁড়ালেও শান্তি পরিকল্পনায় অটল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা। এ পরিকল্পনায় লাল শার্টদের কাছ থেকে অবিলম্বে সাড়া চেয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দুই মাস ধরে চলা রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের কোনো চেষ্টাই বাদ দেবেন না তিনি। কিন্তু লাল শার্টদের বিক্ষোভে ক্রমেই ধৈর্য হারানো অভিজিৎ বলেছেন, ১৪ নভেম্বর নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবে লাল শার্টদের মতামত দুই এক দিনের মধ্যে জানতে চান তিনি। অভিজিৎ বলেন, "রাজনৈতিক পরিস্থিতি যেদিকেই গড়াক সরকার সমঝোতা পরিকল্পনায় অটল থাকবে এবং আমরা ইতোমধ্যে এ প্রক্রিয়া শুরু করেছি।" কিন্তু তিনি এও বলেন, সহিংসতা বন্ধ না হলে ৩ মে যে সমঝোতা প্রস্তাব দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। সেইসঙ্গে নাকচ করা হবে আলোচনার সম্ভাবনাও। তিনি বলেন, "সব দলকেই সহযোগিতা করতে হবে। কোনো সহিংসতাও হওয়া চলবে না। আর তা হলেই নির্বাচন হবে। অন্যথায় তা হবে না।" মধ্য মার্চ থেকে লাল শার্টরা ব্যংককে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ৩ এপ্রিল থেকে অভিজাত বিপণী কেন্দ্রগুলোর সামনে অবস্থান নেয়। বিপণী কেন্দ্র ও বিলাসবহুল হোটেলগুলো তারা দখল করে রাখে যা স্থানীয় অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২২০ ঘ.