২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাউনকে দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান

পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর গর্ডন ব্রাউনকে লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বানা জানিয়েছেন দলটির এক এমপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 07:21 AM

Updated : 24 Aug 2022, 09:19 PM

লন্ডন, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্লামেন্ট নির্বাচনে পরাজয়ের পর গর্ডন ব্রাউনকে লেবার পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বানা জানিয়েছেন দলটির এক এমপি। ব্রিটেনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর লেবার পার্টির কোনো এমপি এই প্রথম ব্রাউনকে এ আহ্বান জানালেন। ২০০৭ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে প্রায় এক দশক অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাউন। ইংল্যান্ডের কেন্দ্রস্থল বাসেটল'র এমপি জন মান শনিবার এক বিবৃতিতে বলেন, "আগামী কদিন যা-ই ঘটুক না কেন গর্ডন ব্রাউনের ভবিষ্যত কোনো নির্বাচনে নেতৃত্ব দেওয়া উচিত হবে না। উচিত লেবার পার্টির পরবর্তী সম্মেলনের আগেই পদত্যাগ করা।" তিনি আরও বলেন, "প্রচারণায় আমি দেখেছি, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে লেবার পার্টির দৃষ্টিভঙ্গিতে ব্যাপক জন সমর্থন ছিলো। কিন্তু গর্ডন ব্রাউনের আবার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে সমর্থন ছিলো খুবই কম।" বৃহস্পতিবারের নির্বাচনে ব্রাউনের নেতৃত্বাধীন লেবার পার্টি ২৫৮ আসনে জয় পেয়েছে। সবচেয়ে বেশি ৩০৬ আসনে জয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। তবে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি তারা। সরকার গঠন করতে হলে ৬৫০ আসনের ব্রিটিশ পার্লামেন্টে ন্যূনতম ৩২৬টি আসন প্রয়োজন। নির্বাচনে মধ্য বামপন্থী লিবারেল ডেমক্র্যাটরা ৫৭ আসনে জয়ী হয়েছে। জোট সরকার গঠনের তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কনজারভেটিভ পার্টি। এ দুদলের সমঝোতায় জোট সরকার গঠিত হলে ব্রিটেনে ১৩ বছরের লেবার পার্টির শাসনের অবসান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১৩১০ ঘ.