ইসলামাবাদ, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ইসলামাবাদ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানী তার দেশের পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, এই পরমাণু অস্ত্র শতভাগ সুরক্ষিত রয়েছে।
শনিবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর সময় সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে গিলানি একথা বলেন।
গিলানি বলেন, "পরমাণু অস্ত্রের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে বিশ্বের এখন অন্য কিছুতে নজর দেওয়া প্রয়োজন। পাকিস্তানকে দায়িত্বশীল ও সমঅধিকার সম্পন্ন পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার এটাই সময়।"
তালেবান ও আল কায়েদা জঙ্গি বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে বলেছেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তার ব্যাপারে তার আস্থা রয়েছে।
তবে পাকিস্তানের বিভিন্ন স্থানে এমনকি অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিতেও জঙ্গি হামলার কারণে এই আশঙ্কা তৈরি হয়েছে যে জঙ্গিরা পরমাণু স্থাপণায় ঢুকে যেতে পারে।
গতমাসে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ওবামা আয়োজিত পরমাণু অস্ত্র নিরাপত্তা সম্মেলনে ইউসুফ রাজা গিলানি দাবি করেন পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে। সম্মেলনে বিশ্ব নেতারাও পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
শনিবার গিলানি ও দেশটির উর্ধ্বতন সামরিক কর্মকর্তারা গজনবী ও শাহীন-১ নামের দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। গজনবী ক্ষেপণাস্ত্র তিনশ কিলোমিটার দূরে এবং শাহীন-১ ক্ষেপণাস্ত্র সাড়ে ছয়শ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
ব্রিটিশ উপনিবেশ থেকে ১৯৪৭ সালে মুক্ত হওয়ার পর পাকিস্তান ও ভারতের মধ্যে এ পর্যন্ত তিনবার যুদ্ধ হয়েছে। দেশ দুটি মাঝে মাঝেই শক্তি প্রদর্শনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
তবে পাকিস্তানের এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন করে উত্তেজনা ছড়াবে না বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৮০১ ঘ.
bdnews24