লন্ডন, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ব্রিটেনের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলেছে সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। কিন্তু শত শত ভোটার ভোট দিতে পারেনি বলে খবর পাওয়া গেছে। বিবিসি একথা জানিয়েছে।
কতোজন ভোটার নির্বাচনে ভোট দিয়েছেন সে সম্পর্কে এখনো কোন ইঙ্গিত পাওয়া না গেলেও অনেক শহর থেকেই খবর এসেছে যে, ভোট কেন্দ্রগুলো বন্ধ হওয়ার ঠিক আগে ভোটারদের দীর্ঘ লাইন পড়ায় অনেক ভোটারকেই ভোট দিতে দেওয়া হয়নি।
শেফিল্ড শহরে ভোট দিতে না পেরে বিক্ষুদ্ধ মানুষকে সরাতে পুলিশ ডাকতে হয়েছে। এছাড়া ম্যানচেস্টারে ২০০ জনকে ভোট না দিয়ে ফেরত যেতে হয়েছে। শেফিল্ডের রিটানিং অফিসার সেজন্য ক্ষমা প্রার্থনা করে বলেছেন, নিয়ম অনুযায়ী ভোট নেওয়া রাত ১০ টায় বন্ধ করতে হয়েছে।
লন্ডনেও ভোট দিতে আসা মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ ডাকা হয়।
ভোট গ্রহণের নিয়ম নিয়েও নানা বিভ্রান্তি দেখা দিয়েছে। দেশের কোনো কোনো ভোট কেন্দ্রে যেসব ভোটার রাত দশটার আগে ভোট দিতে লাইন দেন তাদের দশটা বাজার পরেও ভোট দিতে দেওয়া হয়েছে। কিন্তু বাকিদের ফিরিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর/বিসিএস/এলকিউ/১৯৫৬ ঘ.
bdnews24