ওয়াশিংটন, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বছর বন্ধ থাকার পর ফিলিস্তিন-ইসরায়েল পরোক্ষ শান্তি আলোচনা আগামী সপ্তাহেই শুরুর আশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিচেলও আগামী সপ্তাহে ওই অঞ্চলে যাচ্ছেন বলে জানান তিনি।
শুক্রবার ওয়াশিংটনে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল সাবাহ'র সঙ্গে বৈঠকের পর হিলারি তার আশার কথা জানান।
ওয়াশিংটন আশা করছে, শনিবার অনুষ্ঠেয় বৈঠকে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে সায় দেবে। আর এর ফলে শান্তি আলোচনা শুরুর বিষয়ে রাজনৈতিক সমর্থন পাবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
২০০৮ সালের ইসরায়েলের গাজা অভিযানের পর শান্তি আলোচনা স্থগিত রয়েছে। যুক্তরাষ্ট্র তা পুনরায় শুরুর উদ্যোগ নিলেও গত মার্চ মাসে ইসরায়েল নতুন করে জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিলে আব্বাস শান্তি আলোচনায় বসতে রাজি হননি।
হিলারি বলেন, "আমরা চাই শেষ পর্যায়ে তারা সরাসরি আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করুক।"
আল সাবা বলেন, শান্তি আলোচনা শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে তাদের সমর্থন রয়েছে।
তবে আগামী সপ্তাহে শান্তি আলোচনা শুরুর বিষয়ে হিলারির বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে ইসরায়েল কিংবা ফিলিস্তিন কোনো পক্ষই রাজি হয়নি।
ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র সায়েব এরাকাত বলেছেন, তারা শনিবারের বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করছেন।
এছাড়া এ বিষয়ে আগামী সপ্তাহে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির বৈঠকের জন্যও অপেক্ষা করছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24