নিউইয়র্ক, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যখন প্রভাবের প্রসঙ্গ আসে তখন দেখা যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পপ তারকা লেডি গাগা'র সেই অর্জন রয়েছে যা হিলারি ক্লিনটনের নেই।
বৃহস্পতিবার বিভিন্ন ক্ষেত্র থেকে বাছাই বিশ্বের শত প্রভাবশালীদের তালিকা প্রকাশের পর এভাবেই বিষয়টি উপস্থাপন করেছে টাইম ম্যাগাজিন।
সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারা পেলিন, দক্ষিণ কোরিয়ার স্টেটিং চ্যাম্পিয়ন কিম ইউ না, অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এই তালিকায় রয়েছেন।
টাইম অনলাইনে একটি পৃথক জরিপ চালিয়েছে। তাতে ইরানের বিরোধী নেতা মীর হোসেইন মুসাবি ৮ লাখ ভোট পেয়ে 'হিরো' ক্যাটাগরিতে তালিকায় স্থান করে নিয়েছেন।
'টক শো' উপস্থাপক ও মিডিয়া মোঘল অপরাহ উইনফ্রে রেকর্ড সাতবার এই তালিকায় স্থান করে নিলেন।
এবারের তালিকায় রেকর্ড ৩১ নারীর স্থান হলেও তাতে হিলারির না থাকাটা অবাক করেছে অনেককে।
রাজনৈতিক ব্যক্তিত্ব, চিন্তাবিদ, শিল্পী ও অন্যান্য ক্ষেত্রে সমুজ্জ্বল ব্যক্তিদের মধ্য থেকে 'বিশ্বের শত প্রভাবশালী'র তালিকা তৈরি করা হয়। এবার ২৩টি দেশ থেকে ৪৭ জন ব্যক্তিত্বকে তালিকায় স্থান দেওয়া হয়েছে যা একটি রেকর্ড।
তালিকায় ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও ক্রিকেটার শচীন টেন্ডুলকারও রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৬ঘ.
bdnews24