লন্ডন, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের রাজধানী বাগদাদের হাসপাতালগুলোতে প্রসূতি বিভাগে সিজার করার সময় চেতনানাশক ওষুধের বদলে বেশ সফলতার সঙ্গেই আকুপাংচার পদ্ধতি ব্যবহার করছেন চিকিৎসকরা।
টানা কয়েক বছরের যুদ্ধবিধ্বস্ত ইরাকে প্রয়োজনীয় ওষুধের সংকটে পড়ে এই প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন ইরাকি চিকিৎসকরা।
বৃহস্পতিবার বাগদাদের একটি হাসপাতালে দুশ রোগীর উপরে চালানো এক গবেষণার ফলাফল প্রকাশ করেন চিকিৎসকরা। আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সুবিধা সমৃদ্ধ হাসপাতালগুলোতেও বাড়তি ব্যবস্থা হিসেবে আকুপাংচার পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে তারা মত দেন।
সিজার করে শিশু জন্ম হওয়ার পর মায়েদের 'অক্সিটোসিন' নামের একটি হরমোন জাতীয় ওষুধ দেওয়া হয়। এই ওষুধটি জরায়ুর নিরাময় সাধন করে এবং অতিরিক্ত রক্তপাতের ঝুঁকি কমায়।
ইরাকি চিকিৎসকরা অক্সিটোসিনের বদলে প্রসূতিদের শরীরে নির্দিষ্ট কয়েকটি স্থানে অত্যন্ত সূক্ষ কিছু সূঁচ ব্যবহার করে অক্সিটোসিনের প্রয়োজন কমিয়ে আনার চেষ্টা করেন।
২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগদাদের রেড ক্রিসেন্ট হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের জরুরি সিজারিয়ান বিভাগে এই পদ্ধতি ব্যবহার করা হয়।
এই গবেষণার নেতৃত্বদানকারী এনেসথেসিস্ট লাজগিন চেরকি বলেন, আকুপাংচার প্রয়োগের পরে আমার রোগীদের ক্ষেত্রে অক্সিটোসিন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে।
তিনি বলেন, ওষুধের সঙ্কটের মধ্যেও কোনো ধরনের কুপ্রভাব ছাড়াই রোগীদের চিকিৎসা করেছি। এর মাধ্যমে ওষুধের মজুদও বাঁচাতে পেরেছি আমরা।
বিকল্প ধারার চিকিৎসাগুলোর মধ্যে আকুপাংচার বিপুল ব্যবহৃত। এর মূলনীতি হলো মানুষের শরীরের নির্দিষ্ট কিছু বিন্দুতে কিছু সূক্ষ সূঁচ প্রবেশ করানোর মাধ্যমে অন্তর্গত শক্তির প্রবাহ বাড়িয়ে দেওয়া।
চীনা সভ্যতার প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি আধুনিক সময়ে পাশ্চাত্যের চিকিৎসা পদ্ধতিতেও বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিশেষ করে বিভিন্ন ধরনের বেদনার চিকিৎসা হিসেবে আকুপাংচার বেশ জনপ্রিয়।
আজকাল অস্বাভাবিক স্থুলতা, কোষ্ঠকাঠিন্য এবং আর্থ্রাইটিসের চিকিৎসাতেও পরীক্ষামূলকভাবে আকুপাংচার ব্যবহার করা হচ্ছে।
বাগদাদের ওই হাসপাতালে সন্তান প্রসবের পরে যত তাড়াতাড়ি সম্ভব মায়েদের শরীরে মোট ছয়টি সূঁচ প্রবেশ করানো হতো। তাদের পায়ের আঙ্গুল এবং গোড়ালিতে দেওয়া এই সূঁচগুলো পাঁচ থেকে ১০ মিনিট পর্যন্ত রেখে দেওয়া হতো।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত আকুপাংচার বিষয়ক প্রতিবেদন অনুযায়ী, এই নির্দিষ্ট বিন্দুগুলো জরায়ুর রক্তক্ষরণসহ অন্যান্য জটিলতা, প্রসবকালীন জটিলতা প্রভৃতির সঙ্গে সম্পর্কিত।
আকুপাঙ্কচার প্রয়োগের পরে ৪৫ শতাংশ প্রসূতির ক্ষেত্রে জরায়ুর জটিলতা নিরসনে অক্সিটোসিনের প্রয়োজন হয়নি। ৩০ শতাংশের জন্য মাত্র দুই ইউনিট অক্সিটোসিন প্রয়োগ করতে হয়।
চেরকি জানান, সাধারণতঃ ১০ থেকে ২০ ইউনিট অক্সিটোসিন প্রয়োগ করতে হয়। কিন্তু এসব রোগীর মাত্র ১৮ শতাংশের ক্ষেত্রে দরকার হয়েছে দুই থেকে পাঁচ ইউনিট।
তিনি বলেন, প্রয়োজনের সময় ব্যবহৃত এই আকুপাংচার পদ্ধতি যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ওষুধ ও যন্ত্রপাতির বিকল্প হিসেবে কার্যকর প্রমাণিত হয়েছে। পাশ্চাত্যের হাসপাতালগুলোতেও সংযুক্তি হিসেবে এই পদ্ধতি চালু করা যেতে পারে।
বুধবার প্রকাশিত আরেকটি গবেষণার ফলে দেখা যায়, আকুপাংচার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রসবকালীন বেদনা কমাতে সাহায্য করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/কেএমএস/১৩৪৭ ঘ.
bdnews24