বেইজিং, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্বাসরুদ্ধকর ধূলিঝড় ও তুষারপাতে চীনের ভূমিকম্প কবলিত ছিংহাই প্রদেশের ইয়ুশু এলাকায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া রোববার একথা জানিয়েছে।
ছিংহাই প্রদেশের ইয়ুশুতে গত ১৪ এপ্রিল ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত ও হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে।
ভূমিকম্পে দুর্গতদের উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর জন্য গুরুত্বপূর্ণ ইয়ুশুর বিমানবন্দরটি তুষারপাতে অচল হয়ে পড়েছে। ফলে ছিংহাইয়ের রাজধানী সিনিং থেকে আটশ' কিলোমিটার দূরের দূর্গত এলাকায় ত্রাণকর্মী ও ত্রাণ সামগ্রী আনা নেওয়ায় কাজ ব্যাহত হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, প্রচণ্ড তুষারপাতে ইয়ুশু বিমানবন্দর ও চীনের উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ধূলিঝড়ের কারণে সিনিং বিমানবন্দর বন্ধ রয়েছে।
সিনিং বিমান বন্দরের এক মুখপাত্রের বরাত দিয়ে সিনহুয়া জানায়, সিনিং থেকে ইয়ুশুর দৈনিক ৬ টি ফ্লাইটে বিলম্ব হচ্ছে এবং এগুলো আবার কখন চালু হবে তা বলা যাচ্ছে না।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানবন্দরের টার্মিনাল ও চেয়ারগুলো ধুলোয় ঢাকা পড়েছে এবং সেখানে শত শত উদ্ধারকর্মী আটকা পড়েছে।
চীনের বড় বড় উপত্যকাগুলোতে বছরের এ সময় এ ধরনের ধূলা বা বালুঝড় হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১৯ ঘ.
bdnews24