নিউ ইয়র্ক, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মোবাইল ফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে।
মাদকদ্রব্য ও অ্যালকোহলের প্রতি আসক্তির মতই তাদের মধ্যে এসব ব্যবহারের লক্ষণ দেখা যাচ্ছে। নতুন পরিচালিত এক গবেষণা থেকে এ তথ্য পাওয়া গেছে।
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২০০ জন শিক্ষার্থীকে ২৪ ঘন্টা কোন ধরণের যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে দেয়নি। তারপর দেখা গেছে কেউ কেউ এ পরীক্ষা থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছে, কেউ কেউ মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে।
আবার কেউ কেউ এই মাধ্যমগুলো ব্যবহার করতে না পারায় অস্থিরতায় ভুগেছে। অনেকে ঠিকমতো কাজও করতে পারেনি।
মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার অধ্যাপক এবং গবেষণার পরিচালক সুসান মোয়েলার জানিয়েছেন, এভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা তারা কতটা অপছন্দ করে অনেক শিক্ষার্থী সে কথা লিখেছে। অনেকের কাছে বিষয়টা পরিবার ও বন্ধুবিহীন জীবনের মতো মনে হয়েছে।
একজন শিক্ষার্থী বলেছে, নিঃসন্দেহে আমি এগুলোর প্রতি আসক্ত এবং এই আসক্তি কেবল বেড়েই চলেছে। ব্ল্যাকবেরি, ল্যাপটপ, টিভি এবং আইপড যদি না থাকে তাহলে মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
অধ্যাপক মোয়েলার জানান, বেশিরভাগ শিক্ষার্থীই সংক্ষিপ্ত বার্তা, তাৎক্ষণিক বার্তা, ই-মেইল এবং ফেসবুকের প্রতি আসক্ত।
তবে যুক্তরাষ্ট্রের মনস্তাত্বিক সংস্থা এই ইন্টারনেট আসক্তিকে অসুস্থতা বলে মনে করে না। বরং তারা বিষয়টিকে আধুনিক জীবনের বিড়ম্বনা হিসেবেই দেখছে।
উদাহরণ হিসেবে বলা যায়, দক্ষিণ কোরিয়ার এক দম্পতির অবহেলার কারণে তাদের তিন মাস বয়সী শিশু অপুষ্টিতে মারা গেছে। তারা প্রতিদিন ১২ ঘন্টা পর্যন্ত সময় ধরে কম্পিউটারে ভার্চুয়াল জগতে একটি বাচ্চাকে বড় করার কাজে ব্যস্ত থাকতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪২৩ ঘ.
bdnews24