সিউল, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর কোরিয় সমুদ্র সীমার কাছে গত মাসে ডুবে যাওয়া দক্ষিণ কোরিয় যুদ্ধ জাহাজটির সামনের ভাঙ্গা অংশ শনিবার টেনে তোলা হয়েছে। এই জাহাজ ডুবির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
১২ শ' টন ধারণক্ষমতা সম্পন্ন যুদ্ধ জাহাজটি উত্তর কোরিয় টর্পেডোর আঘাতে ডুবে থাকতে পারে বলে দক্ষিণ কোরিয় সামরিক কর্মকর্তারা বলছেন। এই ঘটনায় জাহাজের ৪৬ জন নাবিক প্রাণ হারায়।
১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের পর এটাই সবচেয়ে বড় রক্তক্ষয়ী ঘটনা।
উত্তর কোরিয়া ইতিমধ্যেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, জাহাজটি ডুবে যাওয়ার ঘটনায় তাদের কোনও সংশ্লিষ্টতা নেই।
এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, উত্তর কোরিয়ার ওপর প্রতিশোধমূলক কোনও হামলা চালানোর পরিকল্পনা নেই সিউলের।
সামরিক সংঘর্ষের আশঙ্কায় ভীত বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই তিনি এ কথা বলেন। বর্তমানে দেশটি ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক অবস্থা দ্রুত সামলে ওঠার চেষ্টা করছে।
বিশালাকৃতির একটি উদ্ধারকারী জাহাজের ক্রেনের সাহায্যে যুদ্ধ জাহাজটির সামনের ভাঙ্গা অংশ সাগরের নীচ থেকে টেনে তোলা হয়।
তুলে আনা ধ্বংসাবশেষের মধ্যে একজন নাবিকের মৃতদেহ পাওয়া গেছে। ৬ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছে বলে জানায় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, "জাহাজটির সামনের যে অংশটি তোলা হয়েছে সেখানে ইংরেজি 'সি' আকৃতির একটি কাটা অংশ দেখা গেছে।" তিনি জানান, পুরো তদন্ত এখনও শেষ হয়নি।
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে আসা কোন কিছুর বিস্ফোরণে জাহাজটি ধ্বংস হয়েছে।
জাহাজটি সাগরের যে স্থানে ডুবেছে, অতীতে সেই এলাকায় উত্তর ও দক্ষিণ কোরিয় নৌবাহিনীর মধ্যে দুবার নৌ যুদ্ধ সংঘটিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩৩০ঘ.
bdnews24