২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে সমকামীদের নিয়ে চলচ্চিত্র উৎসব

ভারতের রক্ষণশীল সমাজে সমকামীতাকে মোটেও ভালো চোখে দেখা হয় ণা এই সামাজিক অবস্থা থেকে সমকামীদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টায় আয়োজন করা হয়েছে মুম্বাই চলচ্চিত্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 09:26 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

মুম্বাই, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ভারতের রক্ষণশীল সমাজে সমকামীতাকে মোটেও ভালো চোখে দেখা হয় ণা এই সামাজিক অবস্থা থেকে সমকামীদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টায় আয়োজন করা হয়েছে মুম্বাই চলচ্চিত্র উৎসব। চারদিন ব্যাপী এই উৎসব শুরু হয় বৃহস্পতিবার। দেশব্যাপী সমকামীদের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এ উদ্যোগ নিয়েছে বলিউডের চলচ্চিত্র কর্মীরা। আয়োজকরা বলছেন, 'কাশিশ' শিরোনামের এই উৎসব ভারতীয় রক্ষণশীল সমাজে সমকামিতা বিষয়ে আরও মুক্ত আলোচনার পথ তৈরি করবে বলে ধারণা করছেন। যেখানে বছরখানেক আগেও সমকামিতা ছিল রীতিমতো দণ্ডনীয় অপরাধ। উৎসব পরিচালক শ্রীধর রঙ্গায়ন বলেন, "উৎসবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই বিষয়গুলো মূল স্রোতে নিয়ে আসা।" সম্মতি থাকলে প্রাপ্ত বয়স্কদের মধ্যে সমকামিতা কোনও অপরাধ নয়, দিল্লী হাইকোর্ট এ রায় দেওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়, এ সম্পর্কিত ব্রিটিশ আমলের আইন মানবাধিকার লঙ্ঘন করেছে এবং দেশজুড়ে দুর্ভাগ্যজনকভাবে ছড়িয়ে পড়া এইচআইভি/এইডসের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবন্ধক হিসাবে কাজ করেছে। হাইকোর্টের রায়ের ফলে সমকামিতার সমর্থকদের অবস্থান আরও পোক্ত হয়। ভারতে সমকামিতা দূরের কথা, জনসমক্ষে আলিঙ্গন কিংবা চুম্বন করাকেও অশ্লীল হিসাবে দেখা হয়। এবং ক্ষেত্রবিশেষে এ কাজে অংশগ্রহণকারীদের মারধোরেরও ঘটনা ঘটে। বিশ্বের সবচেয়ে ব্যস্ত চলচ্চিত্র পাড়া বলিউডেও সমকামিতা এখনও বলতে গেলে নিষিদ্ধ। এই উৎসবের অন্যতম আয়োজক হামসাফার ট্রাস্ট এনজিওর প্রধান নির্বাহী বিবেক আনন্দ বলেন, "আমাদের প্রধান উদ্দেশ্য বিনোদন এবং এ বিষয়ে একটি বিতর্ক চালু করা।" তিনি বলেন, "আমরা কারো অনুভূতিতে আঘাত দিতে চাই না।" উৎসবে ২৫টি দেশের ১১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে ভারতেরই আছে ২৭টি। এদের বেশিরভাগই আঞ্চলিক ভাষার শর্ট ফিল্ম। উৎসব শেষ হবে বলিউডের প্রথম মূল ধারার সমকামী চলচ্চিত্র হিসাবে বিবেচিত "ডু ইউ নো হোয়াই ...না জানে কিঁউ" চলচ্চিত্রটি দিয়ে। ছবিটির নির্মাতা আশা করছেন, প্রচুর দর্শক পাবে তার এ ছবিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫১৭ ঘ.