২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাবিতে অনড় লাল শার্টরা

থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা দ্রুত পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে অটল রয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের সংবাদপত্র দি নেশন ডেইলি বিক্ষোভকারীদের এ অবস্থানের কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 06:53 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

ব্যাংকক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে লাল শার্ট বিক্ষোভকারীরা দ্রুত পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে অটল রয়েছে। বৃহস্পতিবার থাইল্যান্ডের সংবাদপত্র দি নেশন ডেইলি বিক্ষোভকারীদের এ অবস্থানের কথা জানায়। ছয় সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ ঠেকাতে সরকার কঠোর অবস্থান নেওয়ায় সহিংসতার আশংকা বেড়ে যাচ্ছে। বুধবার লাল শার্টদের কয়েকজন নেতা জানান, প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভাকে পার্লামেন্ট ভাঙতে তারা তিনমাস সময় দেবেন। কিন্তু দি নেশন ডেইলি জানায়, সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিতে চাপ সৃষ্টি করছে এবং জুলাইয়ে পরবর্তী বাজেট পেশ করা পর্যন্ত সময় দিতে জাতীয় অর্থনেতিক পরিষদের প্রস্তাব নাকচ করে দিয়েছে। তিন সপ্তাহ ধরে লাল শার্টরা একটি বিপণী বিতান অধ্যুষিত অঞ্চল দখল করে রেখেছে। এর কাছেই বাণিজ্যিক নগরী সিলোমে তাদের শিবির রয়েছে। বিক্ষোভকারীদের বেষ্টনীর বাইরে সরকার সমর্থকরা একত্রিত হলে বুধবার গভীর রাত পর্যন্ত লাল শার্টরা সেখানে আরও বেশি সংখ্যক জড়ো হতে থাকেন। নিরাপত্তা বাহিনী দুদলের মাঝামাঝি অবস্থান নিয়েছে। তবে কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। শুক্রবার পর্যন্ত সরকার সমর্থকদের দলটিতে এক লাখ কর্মী জড়ো হবে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট। পত্রিকাটি তাদের খবরে জানায়, 'প্রায় ৬০ হাজার নিরাপত্তারক্ষী নিয়োজিত রয়েছে এবং আত্মরক্ষার জন্য প্রয়োজন হলে তারা যেকোনো ধরনের অস্ত্রই ব্যবহার করতে পারবে।' বিক্ষোভ চলাকালীন ১০ এপ্রিল সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছিলেন ৮ শ'রও বেশি মানুষ। প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার পদত্যাগ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার দাবিতে এক মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ করছে লাল শার্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/সিআর/১২৪২ঘ.