২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জোট জয়ী

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের নেতৃত্বাধীন জোট বিশাল ব্যবধানে জয় পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2010, 03:52 AM

Updated : 24 Aug 2022, 08:43 PM

নাওয়ালাপিতিয়া, শ্রীলঙ্কা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের নেতৃত্বাধীন জোট বিশাল ব্যবধানে জয় পেয়েছে। বুধবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নির্বাচনে ক্ষমতাসীন ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) ২২৫ আসনের মধ্যে ১৪৪টিতে জয়ী হয়েছে। ২৫ বছরের গৃহযুদ্ধ অবসানের পর গত ৮ এপ্রিল দেশটিতে প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচন হয়। তবে দুটি জেলায় সংঘর্ষের কারণে ফলাফল ঘোষণা করা হয়নি। মঙ্গলবার ওই দুই জেলায় পুন:ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। রাজাপাকসের ইউপিএফ-এ মাত্র ৬টি আসনের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা সংবিধান পরিবর্তনে প্রয়োজনীয় সমর্থন আদায়ে রাজাপাকসে অন্য দলের সদস্যদের জোটে নিয়ে আসবেন। নির্বাচনে প্রধান বিরোধীদল ইউনাইটেড ন্যাশনাল পার্টি ৬০ আসনে জয়ী হয়েছে। সাবেক বিদ্রোহী পার্টি তামিল ন্যাশনাল অ্যালায়েন্স ১৪ টি আসন পেয়েছে। নির্বাচন পর্যবেক্ষকদের প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবারের নির্বাচনে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। কিরতাই টেন্নাকোন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রচার চালিয়ে আসছিল। তারা জানায়, ৫০ হাজার ভোটার অধ্যুষিত নাওয়ালাপিতিয়ায় ৫৫-৬০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। চূড়ান্ত ফলাফলে দেখা যাচ্ছে, সর্বমোট ৬১.৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, রাজাপাকসের নেতৃত্বাধীন ইউপিএফএ ত্রিনকোমালিতে ২ আসনে এবং কেন্ডিতে ৮ আসনে জয়ী হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৪ঘ.