২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত দুই জেলায় মঙ্গলবার ভোট গ্রহণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2010, 06:16 PM

Updated : 24 Aug 2022, 08:38 PM

নাওয়ালাপিতিয়া, শ্রীলঙ্কা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে সহিংসতার কারণে স্থগিত দুই জেলায় মঙ্গলবার ভোট গ্রহণ হয়েছে। এ নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের ক্ষমতাসীন জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স চার আসনের দুটিতে জয়ী হয়েছে। গত ৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সহিংসতার কারণে নাওয়ালাপিতিয়া ও পূর্ব ত্রিঙ্কোমালি জেলার এই কেন্দ্রগুলোর ভোট বাতিল হয়। নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের জোট সিংহভাগ আসন পেয়ে ক্ষমতায় থাকার বিষয়টি নিষ্কণ্টক করেছে। আবারও যাতে সহিংসতা না ঘটে, সেজন্য রাজধানী কলম্বো থেকে ৬০ কিলোমিটার দূরের কেন্দ্রীয় প্রদেশের জেলা নাওয়ালাপিতিয়ায় এক হাজারেরও বেশি কর্মকর্তা ও সেনা নিয়োগ করা হয়। মঙ্গলবারের ভোটে কোন সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানায় নির্বাচন পর্যবেক্ষক দল। তবে একটি কেন্দ্রে বিরোধী দলের এক এজেন্টকে ভয় দেখিয়ে কিছু সময়ের জন্য ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। নাওয়ালাপিতিয়া জেলায় মঙ্গলবারের ভোটে ভোটার প্রায় ৫০ হাজার যাদের ৫৫-৬০ শতাংশ ভোট দিয়েছে। এছাড়া পূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালি জেলায় এক হাজার ভোটারের ৪৬ শতাংশ ভোট দিয়েছে। নির্বাচন কমিশন মঙ্গলবার জানায়, প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের ক্ষমতাসীন জোট ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউপিএফএ) দুটি আসনে জয়ী হয়েছে। অন্য দুই আসনে জয় পেয়েছে বিরোধী দলগুলো। এ বিজয়ে ইউপিএফএ জোটের আসন সংখ্যা দুশ ২৫টির মধ্যে একশ ১৯টিতে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/এএইচ/পিডি/০০০৮ ঘ.