কোহাত, পাকিস্তান, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কোহাতে রোববার আত্মঘাতী গাড়িবোমা হামলায় পুলিশের পাঁচ সদস্যসহ সাতজনের মৃত্যু হয়েছে।
রাওয়ালপিন্ডি সড়কের একটি পুলিশ স্টেশন লক্ষ করে চালানো ওই হামলায় আহত হয়েছে আরো ২৬ জন।
এর আগে শনিবার কোহাতের একটি ত্রাণকেন্দ্রে দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও ৬৫ জন আহত হয়। পাকিস্তানের তালেবান জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে।
রোববারের হামলাটি হয়েছে শনিবারের হামলাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে।
পুলিশ জানিয়েছে, রোববার কোহাত শহরের একটি পুলিশ স্টেশনের বাইরের তল্লাশিচৌকিতে গাড়ি দিয়ে আঘাত হানে ওই আত্মঘাতী।
পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ খান রয়টার্সকে বলেন, "হামলায় এক শিশু ও পাঁচ পুলিশসহ সাতজন নিহত হয়েছে।"
আরেক পুলিশ কর্মকর্তাও পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এজে/১২২৬ ঘ.
bdnews24