চীন, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে বিধ্বস্ত তিব্বতে মৃতের সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত ১১৪৪ জনের মৃত্যুর খবর জানা গেলেও এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পার্বত্য এলাকা তিব্বতে বুধবার সকালে ভূমিকম্প হয়। এর তীব্রতা ছিলো ৬ দশমিক ৯। এতে তিব্বতের কিঙ্গাই প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪৪ জন। এছাড়া ৪১৭ জন এখনো নিখোঁজ রয়েছে।
সিনহুয়া আরো জানায়, এক হাজারেরও বেশি লোক আহত হয়েছে। তাদের অনেককেই চিকিৎসার জন্য বড় বড় শহরগুলোতে পাঠানো হয়েছে।
ট্রাক, ভ্যান ও গাড়িতে করে অনেক মৃতদেহ বৌদ্ধ ভিক্ষুরা শেষকৃত্যের জন্য নিয়ে গেছেন। লাশগুলো জেগু শহরের প্রধান বৌদ্ধ মন্দির চত্ত্বরে রাখা হয়।
তিব্বতের বৌদ্ধ ভিক্ষু লাওজিয়াঙ জানান, "নিহতদের জন্য আমরা অবশ্যই ঐতিহ্য অনুযায়ী তিনদিনব্যাপী শেষকৃত্যানুষ্ঠান পালন করবো।"
চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও বৃহস্পতিবার তিব্বতের ইয়াসু কাউন্টি এবং প্রত্যন্ত এলাকা জেগু পরিদর্শন করেন। তিনি তিব্বতীদের উদ্দেশ্যে বক্তৃতায় সেখানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৩২২ঘ.
bdnews24