ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মক্কায় বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার নির্মাণের কাজ চলছে। এতে স্থাপন করা হবে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি।
এই টাওয়ারের নাম 'মক্কা রয়েল ক্লক টাওয়ার'। এর উচ্চতা হবে ৮১৭ মিটার। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সৌদি সরকারের পক্ষে নির্মাণ প্রতিষ্ঠান বিন লাদেন গ্র"প এ টাওয়ার তৈরি করছে।
মক্কা রয়েল ক্লক টাওয়ার আগামী জুন মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। পবিত্র রমজান মাসের আগে জুলাইয়ের শেষ দিকে এই টাওয়ারে চালু করা হবে বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি। এই ঘড়ি হবে লন্ডনে অবস্থিত বিখ্যাত বিগ বেন এর চেয়ে ছয়গুণ বড়।
প্রকল্পের মহাব্যবস্থাপক মোহাম্মেদ আল আরকুবি মঙ্গলবার দুবাইয়ে সাংবাদিকদের জানান, টাওয়ারের ৬৬২ মিটার উচ্চতা পর্যন্ত অবকাঠামো নির্মিত হবে কংক্রিটে। তার পর থেকে উপরের দিকে ১৫৫ মিটার পর্যন্ত নির্মিত হবে ধাতব অবকাঠামোর ওপর। যে অংশটুকু কংক্রিটে নির্মিত হবে তার উচ্চতা বর্তমান বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার তাইওয়ানের 'তাইপে ১০১' এর চেয়েও বেশি হবে। তাইপে ১০১ এর উচ্চতা হচ্ছে ৫০৮ মিটার। উচু হবে।
আরকুবি বলেন, জার্মানির তৈরি ৪৫ মিটার প্রশস্ত ও ৪৩ মিটার লম্বা ঘড়ি টাওয়ারে বসানো হবে। এটি টাওয়ারের চারপাশ থেকেই দেখা যাবে। রাতের বেলায় ১৭ কিলোমিটার এবং দিনে ১১-১২ কিলোমিটার দূর থেকে ঘড়িটি নজরে আসবে।
তিনি জানান, সাতটি টাওয়ার নিয়ে এই হোটেল কমপ্লেক্স নির্মাণে ব্যয় হবে তিনশ কোটি মার্কিন ডলার। 'আবরাজ আল-বায়াত টাওয়ার্স' নামের এই কমপ্লেক্সে তিন হাজার কক্ষ থাকবে। বেশিরভাগ কক্ষ থেকেই পবিত্র কাবা শরিফ দেখা যাবে।
হোটেল কমপ্লেক্সের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ফেয়ারমন্ট হোটেলস অ্যান্ড রিসোর্টস। হোটেল থেকে যে অর্থ আসবে তা ওয়াকফ তহবিলে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/১২০৭ ঘ.
bdnews24