স্মোলেনস্ক, রাশিয়া, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাজিনস্কিসহ ৯৭ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে প্রেসিডেন্ট কাজিনস্কির স্ত্রী, পোলিশ সেনাপ্রধান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ইতিহাসবিদ ও তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন।
এর আগের খবরে বলা হয়, বিমানে ১৩২ জন আরোহীর সকলেই নিহত হয়েছে। পরে কর্মকর্তারা জানান, মৃতের সংখ্যা ৯৭।
প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের বহনকারী তুপালভ টিইউ-১৫৪ বিমানটি শনিবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় স্মোলেনস্ক শহরের কাছে বিমান বন্দরে অবতরনের সময় বিধ্বস্ত হয়।
একজন পোলিশ কর্মকর্তা বিমানবন্দরে জানান, প্রেসিডেন্ট কাজিনস্কি এতে মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানের কোন আরোহী বেঁচে আছে বলে তাদের জানা নেই।
পোলিশ কর্মকর্তাটি জানান, স্মোলেনস্ক বিমানবন্দর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ঘন কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। পোল্যান্ডের সেনাবাহিনীর প্রধান, অন্যান্য কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ওই বিমানে ছিলেন।
ওয়ারশতে পোলিশ পররাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। উদ্ধারকাজের জন্য উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/২১৪৮ঘ.
bdnews24