বিশকেক, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। বিরোধীদলের গঠন করা তত্ত্বাবধায়ক সরকার লুটপাট বন্ধে বৃহস্পতিবার রাতভর চেষ্টা চালায়।
রাজধানীর পরিস্থিতি শান্ত করার জন্য চেষ্টা চলছে।
তত্ত্বাবধায়ক সরকারের একজন মুখপাত্র জানান, রাতভর বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিশকেক-এ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে তত্ত্বাবধায় সরকার নিরাপত্তা দল গঠন করেছে। তারা রাজধানীতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে অভিযান পরিচালনা করে।
নিরাপত্তা দলের কর্মীরা শুক্রবার সকালে চার-পাঁচ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর কেন্দ্রস্থলে রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নেয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদিকালিক ইসমাইলভ বলেন, এখনও কিছু কিছু লুটপাট চলছে। তবে নগরীর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।
ইসমাইলভ আরো বলেন, লুটপাটকারীদের অনেকেই মাতাল অবস্থায় রাতে রাজধানীতে নম্বরবিহীন গাড়ি নিয়ে ঘোরাফেরা করে এবং নির্বিচারে গুলিবর্ষণ করে।
তবে ইসমাইলভের বক্তব্যের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
কিরগিজস্তানের বিরোধী দল বৃহস্পতিবার ক্ষমতা দখল করে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করে। বিরোধীদলীয় নেতা রোজা ওতুনবায়েভ বলেন, আন্দোলনের মুখে প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভ বিসকেক থেকে পালিয়ে গেছেন।
নিজেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দাবি করে রোজা বলেন, "আমাদের একটি তত্ত্বাবধায়ক সরকার আছে এবং আমি তার প্রধান। এ সরকার ছয় মাস বহাল থাকবে। এই সময়ের মধ্যে আমরা সংবিধানের খসড়া তৈরি করবো এবং অবাধ ও নিরপেক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো।"
তত্ত্বাবধায় সরকারের প্রতি দেশটির সেনা ও সীমান্তরক্ষী বাহিনী সমর্থন জানিয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মধ্য এশিয়ার এ দেশটিতে দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও ব্যাপক দারিদ্রের প্রতিবাদে মার্চ মাসের শুরু থেকে সরকার বিরোধী বিক্ষোভ দানা বেঁধে ওঠে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৩৫৫ঘ.
bdnews24