২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রয়টার্স কর্মী হত্যার ভিডিও ফাঁস

মার্কিন সামরিক বাহিনীর বিশেষ একটি ভিডিওতে দেখা গেছে, ২০০৭ সালে অ্যাপাচি হেলিকপ্টারের হামলায় ইরাকের রাজধানী বাগদাদে রয়টার্সের দুই কর্মীসহ বেশ কিছু মানুষ মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2010, 10:09 AM

Updated : 24 Aug 2022, 08:14 PM

ওয়াশিংটন, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সামরিক বাহিনীর বিশেষ একটি ভিডিওতে দেখা গেছে, ২০০৭ সালে অ্যাপাচি হেলিকপ্টারের হামলায় ইরাকের রাজধানী বাগদাদে রয়টার্সের দুই কর্মীসহ বেশ কিছু মানুষ মারা যায়। সোমবার এই ভিডিও প্রকাশ করেছে উইকিলিকস নামের একটি প্রতিষ্ঠান। যাদের কাজ সরকারি ও কর্পোরেট দুর্নীতির নানা খবর ফাঁস করা। ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে উইকিলিকসের কর্মকর্তারা জানান, ২০০৭ সালের ১২ জুলাই সাংকেতিক ভাষায় করা এ ভিডিওটি তারা পায়। সাংকেতিক ভাষা পাঠোদ্ধারের পরই তারা এর ছবি ও বিষয়টি খতিয়ে দেখতে সক্ষম হয়। নামপ্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সামরিক কর্মকর্তা নিশ্চিত করেন, ভিডিও এবং অডিও সঠিক আছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র মেজর শন টার্নার বলেন, "রয়টার্সের দুই সংবাদ কর্মীর উপস্থিতি সম্পর্কে মার্কিন বাহিনী সজাগ ছিলো না। দুই সংবাদকর্মীকে তারা ইরাকি সশস্ত্র বিদ্রোহী ভেবেছিলো।" টার্নার বলেন, "নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে এ ঘটনা সঙ্গে সঙ্গেই তদন্ত করে দেখা হয়েছে এবং এ ধরনের ঘটনা পরবর্তীতে আর ঘটেনি।" হেলিকপ্টারে গানসাইট ভিডিও এবং পাইলটদের কথোপকথনের অডিওটি এই প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হল। আকাশ থেকে তোলা ভিডিও ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারের আরোহীরা বাগদাদের উপকণ্ঠে একদল মানুষকে অস্ত্রধারী বলে শনাক্ত করে তাদের ওপর গুলিবর্ষণ করে। উইকিলিকস জানায়, রয়টার্সের প্রতিনিধি নামির নূর এলদীন (২২) এবং তার সহকারী হিসেবে দায়িত্বপালনকারী গাড়িচালক সাঈদ চমাঘসহ (৪০) যারা নিহত হয়েছেন তারা একটি স্কয়ারে ছিলেন। পাইলটরা রয়টার্স কর্মীর ক্যামেরার লম্বা লেন্সকে রকেট লঞ্চার হিসাবে ভুল করেছিলেন বলে জানান মার্কিন সামরিক মুখপাত্র টার্নার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬০৫ঘ.